বিজেপি-শিবসেনা টানাটানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটের তারিখ ঘোষণা হয়ে গেছে, বাকি মাত্র এক মাস, অথচ মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনার মধ্যে আসন সমঝোতা এখনো সম্পূর্ণ হলো না। শুধু আসন নিয়ে বোঝাপড়াই নয়, জোট জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন, সেই মীমাংসাও হয়নি। শিবসেনাপ্রধান উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রিত্বের দাবি থেকে একচুলও সরতে নারাজ। এ অবস্থায় ১৭ সেপ্টেম্বর বিজেপির সভাপতি অমিত শাহ মহারাষ্ট্র সফরে যাচ্ছেন। মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট হবে ১৫ অক্টোবর। গণনা ১৯ তারিখে।
শিবসেনাকে বিজেপি প্রস্তাব দিয়েছে মহারাষ্ট্রে বিধানসভার মোট ২৮৮ আসনের মধ্যে দুই দল ১৩৫টি করে আসনে লড়ুক। বাকি ১৮টি আসন অন্য দুই সহযোগী দল রিপাবলিকান পার্টি (আটাওয়ালে) ও স্বাভিমান পার্টিকে দেওয়ার কথা। বিজেপির নেতা রাজীব প্রতাপ রুডি গতকাল সোমবার বলেছেন, আলোচনা চলছে। শিবসেনা বিজেপির বিশ্বস্ত শরিক। তবে শিবসেনা এ কথায় এখনো ভেজেনি। ১৩৫ আসনে তারা রাজি নয় এবং মুখ্যমন্ত্রীর পদের দাবি তারা ছাড়তে নারাজ।
২০০৯ সালের নির্বাচনে শিবসেনা ১৬৯ ও বিজেপি ১১৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নামে ভোট হলেও উদ্ধব ঠাকরে তা মানতে নারাজ। তিনি প্রকাশ্যেই মোদি-হাওয়াকে উপেক্ষা করে বলেছেন, ‘হাওয়াই যদি থাকত তা হলে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও তামিলনাড়ুতে সেই হাওয়া খেলল না কেন?’ উদ্ধবের এই মন্তব্য বিজেপি ভালোভাবে নেয়নি। আবার শিবসেনাকে বাদ দিয়েও তারা মহারাষ্ট্রে একলা চলতে পারবে না। হরিয়ানাতে তারা তাদের সঙ্গী হরিয়ানা জনহিত কংগ্রেসের সঙ্গ ত্যাগ করলেও মহারাষ্ট্রে সেই সাহস তাদের নেই। শিবসেনা এ সুযোগটাই নিতে চাইছে। অমিত শাহর সফরে বরফ গলবে মনে করা হচ্ছে। কিন্তু কীভাবে, তার ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
শিবসেনাকে বাড়তি কিছু আসন বিজেপি দিলেও দিতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রিত্ব নিয়ে আগাম কোনো প্রতিশ্রুতি বা ঘোষণায় একেবারেই রাজি নয়। রুডিসহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব বারবার বলছেন, যে দলের বিধায়ক বেশি হবে, সেই দলই মুখ্যমন্ত্রিত্ব পাবে এবং তা ঠিক করা হবে ভোটের পর।
মজাটা হলো, বিজেপি-শিবসেনা জোটের মূল লড়াইটা যাদের সঙ্গে, সেই কংগ্রেস-এনসিপি জোটের আসন ভাগাভাগিও এখনো চূড়ান্ত হয়নি।