বিজেপি-শিবসেনা সম্পর্কে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহারাষ্ট্রের শাসক জোট বিজেপি ও শিবসেনার সম্পর্কের অবনতি এই মুহূর্তে এতটাই যে মুম্বাই লাগোয়া কল্যাণ-ডোম্বিভালি পুরসভার নির্বাচনে শিবসেনা একাই লড়ার সিদ্ধান্ত নিতে চলেছে। নভেম্বরের ১ তারিখে এই পুরসভার ১২২ আসনের ভোট। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে শিবসেনা এই পুরসভা দখল করেছিল। 

এই দুই দক্ষিণপন্থী দল মহারাষ্ট্রের রাজনীতিতে ‘স্বাভাবিক মিত্র’ বলে গণ্য হলেও দুই দলের সম্পর্ক ক্রমশই তলানিতে ঠেকেছে। গত বিধানসভা ভোটে আলাদা লড়ার পর সরকার গড়ার সময় শিবসেনা হাত বাড়ায়। কেন্দ্র ও রাজ্যে মন্ত্রিত্ব নিয়েও শিবসেনা অসন্তুষ্ট ছিল। সেই অসন্তোষ তারা গোপনও করেনি। কিন্তু সম্প্রতি বেশ কিছু ঘটনায় এই দুই স্বাভাবিক মিত্র ক্রমশই পারস্পরিক শত্রু হয়ে দাঁড়িয়েছে। ফলে পুর ভোটে একা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত।
বিরোধিতার শুরু রাজ্যে গোমাংস নিষিদ্ধ করার সময় থেকেই। গত মাসে জৈন ধর্মাবলম্বীদের উৎসব চলাকালীন রাজ্যের বিভিন্ন পুর এলাকায় মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের বিরোধিতা করে শিবসেনা। এ নিয়ে দুই শাসক দলের সম্পর্কে নতুনভাবে চিড় ধরে। সেই চিড় ফাটলে পরিণত হয় সাম্প্রতিক দুটি ঘটনায়। প্রথমটি পাকিস্তানের বিখ্যাত গজল গাইয়ে গুলাম আলীর অনুষ্ঠান ঘিরে। শিবসেনার তীব্র আপত্তিতে মুম্বাইয়ে গুলাম আলীর অনুষ্ঠান বাতিল করা হয়। দ্বিতীয় ঘটনাও পাকিস্তান-কেন্দ্রিক। সে দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির লেখা এক বই প্রকাশকে কেন্দ্র করে বিজেপি নেতা সুধীন্দ্র কুলকার্নির মুখে শিবসেনার কর্মীরা কালি লেপে দেয়।
সুধীন্দ্র কুলকার্নির হেনস্তা বিজেপি ভালোভাবে নেয়নি। লালকৃষ্ণ আদভানির ঘনিষ্ঠ এই তাত্ত্বিক নেতাকে হেনস্তা করার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনিস কড়া ভাষায় এর নিন্দা করে বলেন, এই ঘটনা রাজ্য ও দেশের মুখ হেঁট করে দিয়েছে। শিবসেনা অবশ্য আদৌ অনুতপ্ত নয়। তারা ঘটনাকে শুধু সমর্থনই করেনি, যারা সেই অপকর্ম করে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পেয়েছে, সেই ছয়জনকে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে আজ মঙ্গলবার অভিনন্দন জানিয়েছেন।
পাকিস্তানি কলাকুশলী, ক্রিকেটার এবং অতিথিদের নিয়ে শিবসেনা প্রায়ই নানান কাণ্ড ঘটায়। কিন্তু শরিক দলের নেতাকে এভাবে হেনস্তা করার ঘটনা আগে হয়নি। এখন দেখার, এই সম্পর্ক শেষ পর্যন্ত কেন্দ্র ও রাজ্যে দুই দলের জোটবদ্ধতাকে কোথায় নিয়ে যায়।