বিজেপি শিবিরে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতে বিজেপি শিবিরে উদ্বেগ। সামনেই এই অঞ্চলের চার রাজ্যের বিধানসভার ভোট। এর আগেই বছর ঘুরতে না ঘুরতেই সংকটে মণিপুরের বিজেপি সরকার।

দলছুট কংগ্রেসের বিধায়কেরা আর বিজেপির সঙ্গে থাকতে চাইছেন না। তাঁরা আবার কংগ্রেসে ফিরতে চান। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বিধায়কেরাও রয়েছেন তাঁদের সঙ্গে।

৬০ সদস্যের মণিপুর বিধানসভায় গত বছর ২৮টি আসন পেয়েও কংগ্রেস সরকার গঠন করতে পারেনি। বিজেপি ২১টি আসন পেয়েই এনপিপির ৪, নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ)-এর ৪ ও টিএমসির ১ বিধায়কের সঙ্গে কংগ্রেসকেও ভাঙিয়ে নিয়ে সরকার গঠন করে। পরে কংগ্রেসের আরও ছয়জন বিধায়ককে তাঁরা দলে টানে। প্রথমে যোগ দেওয়া কংগ্রেস বিধায়ক শ্যামকুমারকে মন্ত্রিত্বও দেয় বিজেপি। কিন্তু অন্যরা কিছুই পাননি।

সাবেক মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস পরিষদীয় দলনেতা ইবোবি সিং গতকাল রোববার সাংবাদিকদের সামনে দাবি করেন, কৌশলগত কারণেই ছয় বিধায়কের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা এখন নিচ্ছে না। তাঁরা বিজেপির দেওয়া পরিষদীয় সচিব পদ থেকে পদত্যাগও করেছেন।

মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংও পদত্যাগের কথা স্বীকার করেছেন। তবে সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, তাঁদের পদত্যাগের সঙ্গে বিজেপির প্রতি সমর্থন প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই।

রাজনৈতিক মহল বলছে, মন্ত্রিত্বের টোপ দিয়ে তাঁদের দলে টেনেছে বিজেপি। পরে প্রতিশ্রুতি ভেঙেছে। এ প্রসঙ্গে বীরেন সিং সাংবাদিকদের কাছে দাবি করেন, কাউকেই মন্ত্রিত্বের টোপ দেওয়া হয়নি। তাঁরা সবাই উন্নয়নের ভাগীদার হয়ে পরেরবার বিধায়ক হিসেবে জয় নিশ্চিত করতেই বিজেপিতে যোগ দেন।

এই তথ্য মানতে চাননি নারাজ ইবোবি। তাঁর সাফ কথা, উন্নয়নের দেখা নেই। গত কয়েক মাসে রাজ্যের অবস্থা আরও খারাপ হয়েছে। অনুন্নয়নের কারণেই তাঁর দলীয় সতীর্থরা আবার ফিরতে চাইছেন বলে দাবি করেন ইবোবি। একই সঙ্গে তিনি জানান, মন্ত্রিসভায় যোগ দেওয়া কংগ্রেস বিধায়ক শ্যামকুমারের বিরুদ্ধে তাঁরা আদালতের দ্বারস্থ হচ্ছেন।

শরিক দল এনপিপির সঙ্গেও বিজেপির বন্ধুত্বে চিড় ধরেছে। মেঘালয় ও নাগাল্যান্ড নিয়ে বিরোধ তুঙ্গে। মণিপুরে আবার বিজেপির প্রাণভোমরা রয়েছে এনপিপির হাতে। বিজেপি শিবির কীভাবে গোলমাল সামলায়, সেটিই এখন দেখার বিষয়। অনেকেই মনে করছে, আগামী ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ের বিধানসভার পাশাপাশি সামনের বছরে মিজোরামেও বিধানসভার ভোট রয়েছে। বিজেপি খারাপ ফল করলেই মণিপুরে সংকট আরও প্রকট হবে। একক বৃহত্তম দল হিসেবে আবার ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস।