বিজেপি সাম্প্রদায়িক নয়, মূল্যায়ন সংখ্যালঘু নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজেপিকে ‘অসাম্প্রদায়িক’ দল বলে মনে করে সংখ্যালঘু মোর্চা।
বিজেপিকে ‘অসাম্প্রদায়িক’ দল বলে মনে করে সংখ্যালঘু মোর্চা।

বিজেপিকে ‘অসাম্প্রদায়িক’ দল হিসেবে সার্টিফিকেট দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন। তিনি বলেছেন, কংগ্রেস, তৃণমূল ও বাম দলগুলো বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে যতই প্রচার করুক না কেন, সব সংখ্যালঘু মুসলিম এটা মনে করে না।

গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন আলী হোসেন।

দেশব্যাপী বিজেপির ছয় লাখ সংখ্যালঘু মুসলিম সদস্য রয়েছে। পশ্চিমবঙ্গেই এই সংখ্যা ৫০ হাজার। আলী হোসেনের প্রশ্ন, ‘বিজেপি যদি সাম্প্রদায়িক দল হয়, তবে কীভাবে দেশে ছয় লাখ মুসলিম সদস্য হয় বিজেপির?’

কট্টরপন্থী হিন্দুত্ববাদী দল জনসংঘ থেকে প্রথমে জনতা পার্টি এবং পরে ১৯৮০ সালের ৬ এপ্রিল জন্ম হয়েছিল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। জন্ম থেকেই হিন্দুত্ববাদকে আঁকড়ে ধরে রেখেছে বিজেপি। নেতারাও হিন্দুত্ব নিয়ে প্রচারে শামিল হয়েছেন, হচ্ছেন। আর এটা সর্বজনবিদিত যে বিজেপির চালিকা শক্তি মূলত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। অথচ মোর্চার রাজ্য সভাপতিই এখন বিজেপিকে সাম্প্রদায়িক বলছেন না।

আলী হোসেন যুক্তি দিয়ে বুঝিয়েছেন, ‘এটা রাজনৈতিক প্রচার ছাড়া আর কিছু নয়। বিরোধীরা বিজেপিকে কোণঠাসা করতে এই উদ্যোগ নিয়েছে। তারা বিজেপিকে যতই সাম্প্রদায়িক দল বলুক না কেন, তাতে সায় দিচ্ছে না অনেকেই। তাই তো এখনো প্রতিদিন বিজেপিতে আসছেন সংখ্যালঘু মুসলিমরা।’

বিজেপির গঠনতন্ত্রে কোথায়ও লেখা নেই বিজেপি ‘সাম্প্রদায়িক’ দল—এমনটা জানিয়ে আলী হোসেন বলেন, এই রাজ্যের সাবেক তৃণমূল মন্ত্রী হুমায়ুন কবির বিজেপিতে এসেছেন। আরেক সাবেক মন্ত্রী করিম চৌধুরী তৃণমূল ছেড়ে নতুন দল গড়ে যোগ দিয়েছেন বিজেপি জোট এনডিএতে। সিপিএমের সাবেক বিধায়ক মাহফুজা খাতুনও এসেছেন বিজেপিতে। বর্তমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা তানভির নাসরিন যোগ দিয়েছেন বিজেপিতে। তৃণমূল থেকে এসেছেন হাওড়ার নেতা বশির আলম, পাশকুঁড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান। প্রতিদিন নাম লেখাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের মুসলিম নেতারা। আসছেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষকেরাও। বিজেপি সাম্প্রদায়িক হলে কেন তাঁরা আসবেন বিজেপিতে?

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলী হোসেন বলেন, বিজেপি কখনো মানুষ হত্যায় বিশ্বাসী নয়। তবে এ সময় দেশে গো-রক্ষার নামে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তা স্বীকার করে তিনি বলেন, এই রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর বসিরহাটে ঘটনা ঘটেছে। আসলে সব দল মুসলিমদের নিয়ে রাজনৈতিক খেলা খেলছে। পশ্চিমবঙ্গে তো বিজেপি ক্ষমতায় নেই। তবু কেন এই রাজ্যে চাকরি, শিক্ষাক্ষেত্রে বঞ্চিত মুসলিমরা?

আলী হোসেন মনে করেন, রাজনৈতিক স্বার্থে বিজেপিকে সাম্প্রদায়িক বলা হচ্ছে। তিনি বলেন, আজকের যিনি ধর্মনিরপেক্ষতার আদর্শ প্রচার করছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়ির আমলে কেন্দ্রীয় রেলমন্ত্রী হয়েছিলেন। আবার যদি বিজেপি সাম্প্রদায়িক হতো, তবে ১৯৮৯ সালে কংগ্রেসের বিরুদ্ধে বামফ্রন্ট বিজেপির সঙ্গে গিয়ে কীভাবে জোট সরকার গড়েছিল? তাই বিজেপিকে সাম্প্রদায়িকতার লেবাস পরিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিরোধীরা।