বিজেপিকে জেতালে তরুণ-তরুণীদের বিনা মূল্যে স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ি জেলা পরিষদে বিজেপিকে জেতালে ওই জেলার তরুণ-তরুণীদের বিনা মূল্যে স্মার্টফোন দেবে বিজেপি। গতকাল শনিবার জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গায় বিজেপির এক জনসভায় এ কথা বলেছেন বিজেপি নেতা মুকুল রায়।

মুকুল রায় বলেন, বিজেপি যদি জলপাইগুড়ি জেলা পরিষদ দখল করতে পারে, তবে জেলার ১৮ বছর এবং তার ঊর্ধ্বের বয়সী নারী-পুরুষকে একটি করে স্মার্টফোন দেবে বিজেপি। আর ওই ফোন দেওয়া হবে জেলা পরিষদের সৌজন্যে।

মুকুল রায় বলেছেন, মেলা-খেলার জন্য টাকা দিয়ে পয়সা নষ্ট করবে না বিজেপি; বরং তরুণ-তরুণীদের স্মার্টফোন দেবে তারা। প্রধানমন্ত্রীর স্বপ্নের ‘ক্যাশলেস’ (নগদ টাকার লেনদেন বন্ধ) ভারত গড়তে কার্যকর হবে এই স্মার্টফোন।

নির্বাচনের আগে মুকুল রায়ের এই প্রতিশ্রুতিতে বিতর্ক দেখা দিয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল, কংগ্রেস ও বাম দল মুকুলের এই প্রতিশ্রুতিকে নির্বাচনী বিধিভঙ্গের শামিল বলে অভিযোগ করেছে। তৃণমূলের জলপাইগুড়ি জেলার সভাপতি সৌরভ চক্রবর্তী বলেছেন, ‘মুকুল রায়ের এই ঘোষণা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনী বিধি ভেঙেছে বিজেপি। আমরা এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’

পঞ্চায়েত নির্বাচন ১৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। ৮ মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এ নিয়ে শুনানি হবে। তারপরই জানা যাবে ১৪ মে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে কি না বা নির্বাচন ফের পিছিয়ে যাচ্ছে কি না।