বিজেপিকে বেহাল করে রাহুল ফের ছুটিতে

জমি নিয়ে বিজেপিকে জেরবার করে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী গতকাল মঙ্গলবার লন্ডন পাড়ি দিলেন। তবে বিহারের ভোটের আগে হঠাৎ কেন বিলেতযাত্রা, তার কোনো ব্যাখ্যা কংগ্রেসের কারও কাছে নেই। যেমন নেই তিনি কতদিনের জন্য সাত সমুদ্র পাড়ি দিলেন, কী কারণে এবং কবে ফিরবেন—সেই উত্তর।
কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান রণদীপ সিং সুরজেওয়ালা শুধু বলেছেন, জল্পনার কোনো কারণ নেই। রাহুল দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন ও দেবেনও। রাজনীতির প্রতি তিনি দায়বদ্ধ। এটুকু বললেও কেন এবং কতদিনের জন্য রাহুল লন্ডনে গেলেন, সেই জবাব তিনি দিতে পারেননি।
সংসদের বাজেট অধিবেশনের ঠিক আগে ফেব্রুয়ারি মাসে রাহুল হঠাৎ অজ্ঞাতবাসে চলে যান। সে সময়েও জোর বিতর্ক হয়েছিল। কোথায় গেলেন, কেন গেলেন, কতদিনের জন্য গেলেন, তার কোনো জবাব কংগ্রেসের কারও কাছে ছিল না। ৫৬ দিন পর ফিরে এসেই দিল্লির রামলীলা ময়দানে জমি বিলের বিরোধিতায় ডাকা কৃষক সমাবেশে তিনি বিজেপি ও সরকারের জমি নীতির তুলাধোনা করেন। এবারও সেই জমি নীতি তাঁর দলের প্রধান হাতিয়ার। বিলেত পাড়ি দেওয়ার আগে তিনি বুঝিয়ে দিয়েছেন, বিহারে তো বটেই, অন্যত্রও বিজেপির মোকাবিলায় কংগ্রেসের প্রধান অস্ত্র জমি বিল, প্রধানত কংগ্রেসের বিরোধিতায় সরকার যা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে।
বিহারের চম্পারণ জেলায় কংগ্রেসের প্রথম জনসভা, তার পর দিল্লিতে রামলীলা ময়দানে জমি বিল প্রত্যাহারের জন্য কৃষকদের বিজয় মিছিল এবং বিলেত পাড়ি দেওয়ার আগে উত্তর প্রদেশের মথুরায় দলের কর্মী সভায় জমি নীতি নিয়ে রাহুল মোদির সরকারকে তুলাধোনা করেন। জমিকে হাতিয়ার করেই কংগ্রেস যে পুরোনো জায়গা ফিরে পেতে চাইছে, সেটা স্পষ্ট। এটাই বিজেপিকে বিচলিত করে তুলেছে। মোকাবিলায় মোদির নির্দেশে বিজেপি একই সঙ্গে তিন তিনজন শীর্ষ মন্ত্রীকে নামিয়ে দেয়।
রাহুলের বিলেতযাত্রার দিনই সংসদীয়মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গড়কড়ি ও কৃষিমন্ত্রী বীরেন্দ্র সিং জমি নিয়ে কংগ্রেসের প্রচারের জবাবে সংবাদ সম্মেলন করেন। তাঁদের একমাত্র লক্ষ্য রাহুল ও কংগ্রেস। কৃষকদের জন্য কংগ্রেসের কান্নাকে কুম্ভীরাশ্রু বলে বর্ণনা করে তাঁরা কংগ্রেস শাসিত রাজ্যে কংগ্রেস আমলের ‘জমি দখল’-এর খতিয়ান তুলে ধরেন। তাঁদের দেওয়া হিসেব অনুযায়ী, অবিভক্ত অন্ধ্র প্রদেশে ৫ লাখ ৭ হাজার একর জমি কৃষকদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। হরিয়াণায় নেওয়া হয়েছে ৮০ হাজার একর জমি। তিন মন্ত্রী বলেন, এই জমি নেওয়ার সময় কংগ্রেসিরা একজন কৃষকের কাছ থেকেও অনুমতি নেয়নি। প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রকে আক্রমণ করে তিন মন্ত্রী বলেন, ভদ্র-মডেলে জমি নেওয়া হয়েছে। তখন কৃষকদের জন্য কংগ্রেসকে কাঁদতে দেখা যায়নি। এর উল্লেখ করে তিন মন্ত্রী জানতে চান, জনসভায় রাহুল বারবার বলছেন, এক ইঞ্চি জমিও কাড়তে দেবেন না। তাঁদের প্রশ্ন, রাহুলের ইঞ্চির মাপ কত?
স্পষ্টতই, রাহুলের জমি প্রচার বিজেপিকে চিন্তায় রেখেছে।