বিজেপিকে রুখতে অকংগ্রেসি ফ্রন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেপি অপ্রতিহত অথচ কংগ্রেস হতোদ্যম—এই অবস্থায় একজোট হয়ে লড়ার প্রস্তুতি শুরু করলেন সাবেক সমাজতন্ত্রীরা। গতকাল বৃহস্পতিবার দিল্লিতে সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিংয়ের উদ্যোগে তাঁরই বাড়িতে মধ্যাহ্নভোজে মিলিত হলেন বিহারের দুই সাবেক মুখ্যমন্ত্রী আরজেডি নেতা লালুপ্রসাদ ও জেডিইউ নেতা নীতিশ কুমার এবং সাবেক প্রধানমন্ত্রী কর্ণাটকের জেডিএস নেতা এইচ ডি দেবগৌড়া। দীর্ঘ আলোচনা শেষে নীতিশ কুমার বলেন, তাঁদের প্রাথমিক লক্ষ্য সংসদের শীতকালীন অধিবেশনে একজোট হয়ে বিজেপির মোকাবিলা করা। পরে অন্য আঞ্চলিক দলগুলোকেও তাঁরা এই জোটে সামিল হওয়ার জন্য আহ্বান জানাবেন।
দেবগৌড়া ছাড়া মুলায়ম, লালুপ্রসাদ ও নীতিশ—তিনজনই সাবেক সমাজতন্ত্রী। হতোদ্যম কংগ্রেসের ওপর ভরসা না রেখে তাঁরা নিজেরাই জোটবদ্ধ হয়ে নরেন্দ্র মোদির বিজেপির মোকাবিলায় আসরে নেমেছেন। কিন্তু লক্ষণীয়, কংগ্রেসের মতো তাঁরা বামপন্থীদেরও প্রাথমিকভাবে ব্রাত্য রেখেছেন। এতে বিস্ময় প্রকাশ করেছেন সিপিআই নেতা ডি রাজা। তাঁর মন্তব্য, বামপন্থীদের বাদ দিয়ে কোনো তৃতীয় ফ্রন্ট হতেই পারে না। কংগ্রেস এই উদ্যোগ নিয়ে এখনো কিছু বলেনি।
হঠাৎ এমন একটা রাজনৈতিক উদ্যোগের কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। দেবগৌড়াকে বাদ দিলে বাকি তিন নেতাই উত্তর প্রদেশ ও বিহারের। এই দুই রাজ্যে মোদি-অমিতের নেতৃত্বে বিজেপির বিজয়রথ গড়গড় করে এগোচ্ছে। আগামী বছর বিহারে বিধানসভার ভোট। এই দুই রাজ্যে এযাবৎকালের জাতপাতের রাজনীতিকে চ্যালেঞ্জ জানিয়ে এগিয়ে চলছে মোদির ‘উন্নয়নের’ রাজনীতি। মোদির সেই অগ্রগতিকে আরও মসৃণ করেছে সাম্প্রদায়িকতার চোরাস্রোত। কাজেই মুলায়ম, নীতিশ, লালুদের জোটবদ্ধ হওয়ার মূল লক্ষ্য সাম্প্রদায়িক রাজনীতিকে রোখা এবং উত্তর প্রদেশ ও বিহারকে বিজেপির প্রভাবমুক্ত করা। কংগ্রেস ও বামপন্থীদের এই লক্ষ্যে সামিল না করার কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও এক সাবেক সমাজতন্ত্রী নেতা জানান, এই দুই রাজ্যে কংগ্রেস ও বামপন্থীদের শক্তি নিমিত্তমাত্র। তা ছাড়া তাঁরা নেতৃত্বের রাশ কংগ্রেসের হাতে দিতেও চান না। তবে ভবিষ্যতে কংগ্রেস ও বামপন্থীদেরও তাঁরা এই জোটে ডাকবেন।
বৈঠকের পর নীতিশ কুমার তারই আভাস দিয়ে বলেছেন, ‘আপাতত আমরা সংসদের শীতকালীন অধিবেশনের দিকে নজর দিচ্ছি, যাতে একজোটে বিজেপির মোকাবিলা করতে পারি। আগামী দিনে অন্য আঞ্চলিক দলকেও এই জোটে সামিল হওয়ার আবেদন জানানো হবে।’