বিজেপিতে লড়াই অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেজরিওয়াল-জেটলি লড়াইয়ের আঁচ বিজেপিতেও ছড়াচ্ছে। বিহারের দ্বারভাঙা কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত বিজেপি প্রার্থী কীর্তি আজাদের ওপর দল বিরক্ত হলেও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা ঠিক হবে কি না, সে বিষয়ে দল দ্বিধাবিভক্ত। আজ বুধবার কীর্তির পক্ষে সমর্থন নিয়ে দাঁড়িয়ে পড়েছেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা। দলের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, ‘বিজেপি এক সময় ছিল একটা আলাদা ধরনের পার্টি। এখন হয়ে গেছে মতানৈক্যের দল।’

দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সাবেক সভাপতি অরুণ জেটলির বিরুদ্ধে সংস্থার আর্থিক নয়ছয়ের গুরুতর অভিযোগ তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বরখাস্তের দাবিতে আজ সকালে জেটলির বাড়ির সামনে আম আদমি পার্টি (এএপি) ব্যাপক বিক্ষোভ দেখায়।

কেজরিওয়াল ও তাঁর দলের আরও পাঁচজনের বিরুদ্ধে জেটলিও ১০ কোটি রুপির মানহানির মামলা দাখিল করেছেন। কেজরিওয়ালও পাল্টা কমিশন গঠন করেছেন অভিযোগের তদন্তের। এই সংঘাতে শামিল কীর্তি আজাদ। জেটলির বিরুদ্ধে তাঁর অভিযোগও মারাত্মক।

জেটলির পক্ষে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ। মোদি গতকাল মঙ্গলবার বলেন, লালকৃষ্ণ আদভানির মতোই জেটলি নির্দোষ। এই তুলনাই জেটলির ওপর চাপ বাড়িয়েছে। কারণ, জৈন হাওয়ালা মামলায় অভিযোগ ওঠামাত্র আদভানি লোকসভার সদস্যপদ ত্যাগ করেছিলেন। শত্রুঘ্ন সিনহা সেই তুলনা টেনে আজ বলেন, জেটলিরও উচিত ইস্তফা দেওয়া। তাঁর দাবি, লড়াইটা আদালতের আঙিনায় না লড়ে ইস্তফা দিয়ে রাজনীতিগতভাবে জেটলির লড়া উচিত। কীর্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার পরামর্শও তিনি দিয়েছেন।

কীর্তিকে এই ইস্যুতে শাস্তি দেওয়া হলে দল বিরূপ সমালোচনার মধ্যে পড়তে পারে। কারণ, বিরোধীরা তখন বলবে, বিজেপি এমন একজনকে শাস্তি দিল যিনি দুর্নীতির বিরুদ্ধে গলা তুলেছিলেন। বিজেপি তাই দ্বিধাগ্রস্ত।