ওপর ওপর সবকিছু ঠিক মনে হলেও উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির (এসপি) রজতজয়ন্তী প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন মঞ্চে ক্ষমতার লড়াইয়ের চোরাস্রোত ঠিকই বইল। বোঝা গেল, রাজ্যে বিজেপিবিরোধী মহাজোট গড়ে তোলার যে চেষ্টা এসপি নেতৃত্ব এত দিন ধরে করে গেল, তা-ও সেভাবে সফল হলো না। রাজধানী লক্ষ্ণৌতে গতকাল শনিবার এ অনুষ্ঠান হয়।
সমাজবাদী পার্টির সর্বময় কর্তা মুলায়ম সিং যাদব যেমন মঞ্চে হাজির করিয়েছিলেন পুত্র অখিলেশ ও ভাই শিবপালকে, তেমনই নিয়ে এসেছিলেন দেশের বিজেপিবিরোধী নেতাদের একাংশকেও। দুটি বিষয়েই প্রকাশ্য ঘোষণা ছিল তাঁর। এক, দলে কোনো ক্ষমতার লড়াই নেই এবং দুই, বিহারের মতো উত্তর প্রদেশেও বিজেপিবিরোধী এক মহাজোট গড়ে তুলতে হবে। দ্বিতীয় লক্ষ্য পূরণে শিবপাল দিল্লি এসে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে দেখা করে প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছিলেন। দুই লক্ষ্যেই এসপি নেতৃত্ব আংশিক সফল হলেও দুই প্রশ্নকে ঘিরে রয়ে গেল আরও অনেক প্রশ্ন।
সম্মেলন মঞ্চে দেখা গেল অখিলেশ সবার সামনে কাকা শিবপালের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। শিবপালও আশীর্বাদ করে প্রতীকী তলোয়ার তুলে দিলেন অখিলেশের হাতে। অখিলেশ ভাষণে কাকার উদ্দেশে বললেন, ‘হাতে তলোয়ার তুলে দিলেন, কিন্তু দেখবেন এটা যাতে (আপনাদের বিরুদ্ধে) ব্যবহার করতে না হয়।’
এর ঠিক আগেই অখিলেশের উদ্দেশে শিবপাল বলেছিলেন, ‘এই সরকারের অনেক ভালো কাজের মধ্যে আমারও অবদান রয়েছে। দলের জন্য আমার রক্ত চাইলে তা দিতে রাজি। মুখ্যমন্ত্রী আমাকে করতে হবে না। চাইলে অপমানও করো। যতবার খুশি বরখাস্ত করো। কিন্তু জানি দলের জন্য অনেক ভালো কাজ আমি করেছি।’
ভোটের আগে সমাজবাদী পার্টিতে চলছে ক্ষমতা দখলের তুমুল লড়াই। একটা সময় মনে হচ্ছিল ভাঙন হয়তো অনিবার্য। সম্মেলন মঞ্চ একটা ঐক্যবদ্ধ আবহ রচনার চেষ্টা মুলায়ম করলেও সবকিছু সুরে বাজেনি।
বিজেপিবিরোধী মহাজোট গড়ার চেষ্টাও মাত্র আংশিক সফল। মঞ্চে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় জনতা দলের লালুপ্রসাদ, সংযুক্ত জনতা দলের শরদ যাদব, সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, রাষ্ট্রীয় লোকদলের অজিত সিং, ভারতীয় লোকদলের অভয় চৌটালা, বিশিষ্ট আইনজীবী রাম জেঠমালানিরা। রাজ্যে বিজেপিকে রুখতে সবাই প্রতিশ্রুতিও দিলেন। তবে মুশকিল হচ্ছে, উত্তর প্রদেশে এই দলগুলোর কারও অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। কংগ্রেসের কিছু প্রভাব কোথাও কোথাও তবু কিছুটা রয়েছে। কিন্তু তাঁদের কাউকেই এই মঞ্চে দেখা যায়নি।