বিজেপিবিরোধী নক্ষত্র সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেপিবিরোধী নক্ষত্র সমাবেশের মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে ফের শপথ নিলেন ভারতের বিহার রাজ্যের জনতা দল (সংযুক্ত) নেতা নিতীশ কুমার। তাঁর সঙ্গে শপথ নিলেন ২৮ জন মন্ত্রী। এঁদের মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা লালু প্রসাদের দুই পুত্র তেজস্বী ও তেজপ্রতাপ। তেজস্বীর রাজ্যের উপমুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল।
নিতীশের শপথ গ্রহণের মধ্য দিয়ে ভারতের জাতীয় রাজনীতিতে বিজেপিবিরোধী এক নতুন মেরুকরণের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। দেশের প্রায় সব বিজেপিবিরোধী দলের নেতা কিংবা তাঁদের প্রতিনিধিরা গতকাল শুক্রবার দুপুরে পাটনায় হাজির ছিলেন। কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী অবশ্য বিমানবিভ্রাটের কারণে এক ঘণ্টা পরে বেলা তিনটা নাগাদ ঐতিহাসিক গান্ধী ময়দানে উপস্থিত হন।
২৮ মন্ত্রীর মধ্যে জনতা দল (সংযুক্ত) ও আরজেডির ১২ জন করে এবং কংগ্রেসের চারজন শপথ নেন।
সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেব গৌড়া, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসামের তরুণ গগৈ, হিমাচল প্রদেশের বীরভদ্র সিং অনুষ্ঠানে যোগ দেন। নিতীশ নিজে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিন্তু মালয়েশিয়া সফরে চলে যাবেন বলে তিনি থাকতে পারেননি। কেন্দ্রীয় সরকারের পক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ও সংসদ-বিষয়ক প্রতিমন্ত্রী রাজীব প্রতাপ রুডি। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আসতে পারেননি। তবে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও তাঁর বাবা ফারুক আবদুল্লাহ উপস্থিত ছিলেন। হাজির হয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং ডিএমকে নেতা এম করুণানিধির পুত্র স্ট্যালিন।
নিতীশ অবশ্য এই অনুষ্ঠানকে নিছক বিজেপিবিরোধী সমাবেশ করে তুলতে চাননি। তাই বিজেপির দুই জোটসঙ্গী শিবসেনা ও আকালি দলকেও তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। শিবসেনাপ্রধান উদ্ধব পাঠিয়েছেন দুই প্রতিনিধি, আকালি দলের পক্ষে উপস্থিত ছিলেন পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব শপথ গ্রহণ অনুষ্ঠানে ‘ব্যস্ততার’ কারণে আসতে পারেননি আর সমাজবাদী পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতী এই সমাবেশে যোগ দিতে অস্বীকার করেন। ২০১৭ সালে উত্তর প্রদেশ বিধানসভার ভোট। বিহারের মতো সেখানেও বিজেপিকে রুখতে মহাজোট গঠনের একটা কথা উঠেছে। এই দুই নেতা-নেত্রীর অনুপস্থিতিতে সেই জোট নিয়ে প্রশ্ন উঠে গেল।