বিজেপির অস্ত্র এবার জাতীয়তাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর প্রদেশ বিধানসভার ভোটের শেষ পর্যায়ে বিজেপি আবার জাতীয়তাবাদকে হাতিয়ার বানিয়েছে। কৌশলে বড় করে তুলে ধরছে দেশপ্রেম বনাম দেশদ্রোহী বিতর্ক। বোঝাতে চাইছে, একমাত্র তাদের হাতেই দেশ সুরক্ষিত।
গত বছর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রবিক্ষোভের সময়েও বিজেপি একইভাবে দেশপ্রেমকে হাতিয়ার করেছিল। জেএনইউর ছাত্রনেতাদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলাও আনা হয়েছিল। দেশ ও সমাজকে দুই মেরুতে বিভাজনের চেষ্টা করা হয়েছিল। তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছিল বিতর্ক। এবার ২০ বছরের কলেজছাত্রী ‘শহীদ-কন্যা’ গুরমেহের কৌরের টুইট বার্তাকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, উত্তর প্রদেশের শেষ দুই পর্যায়ের ভোটে বিজেপি তার সুযোগ নিতে চাইছে।
গুরমেহের কৌরের যে টুইট ঘিরে বিতর্ক, তাতে তিনি লিখেছিলেন, ‘পাকিস্তান আমার বাবাকে মারেনি, মেরেছে যুদ্ধ।’ এর আগে ও পরে গুরমেহের নিজের ছবি ও প্ল্যাকার্ডসহ আরও কয়েকটা টুইট করেছিলেন। সার্বিকভাবে সেসব মন্তব্য পড়লে বোঝা যায়, ২০ বছরের এই ছাত্রী, যিনি মাত্র দুই বছর বয়সে কারগিল যুদ্ধে নিজের বাবাকে হারিয়েছিলেন, জীবন সম্পর্কে তাঁর নিজস্ব একটা দর্শন আছে। যুদ্ধ-বিরোধিতা ও সৌভ্রাতৃত্ববোধ সেই দর্শনের অংশ। কিন্তু বাকি সব টুইট উপেক্ষা করে দক্ষিণপন্থী রাজনীতিতে বিশ্বাসীরা ওই পাকিস্তান নিয়ে করা টুইটকেই হাতিয়ার করেছে। দিল্লির শিক্ষাজগৎ এই নিয়ে এখনো উত্তাল। বিজেপি সেখান থেকেই কৌশলে দেশপ্রেমকে হাতিয়ার করে উত্তর প্রদেশে বাজিমাত করতে চাইছে।
উত্তর প্রদেশের শেষ দুই পর্যায়ের ভোট কাল ৪ মার্চ ও ৮ মার্চ। ফল প্রকাশ ১১ মার্চ। এ ক্ষেত্রে বিজেপির নেতৃত্ব প্রচারে এনেছে এক ভারতীয় জওয়ানের পুরোনো এক ভাষণের ভিডিও। গত বছর ডিসেম্বর মাসে এক অনুষ্ঠানে তোলা সেই ভিডিওতে জওয়ানটি বলছেন, ‘আফজল গুরুর (সংসদ ভবন আক্রমণকারী) ফাঁসি দেখে আমাদের কষ্ট হয় না। আমরা ব্যথিত হই এটা দেখে যে এ দেশের কেউ কেউ স্লোগান দিচ্ছে, আফজল তোমার খুনিরা এখনো বেঁচে রয়েছে, এতে আমরা লজ্জিত।’ জেএনইউতে এই স্লোগান উঠেছিল এবং তা নিয়েই গত বছর তুলকালাম বেঁধেছিল রাজধানীর শিক্ষাক্ষেত্রে।
পুরোনো এই ভিডিওটি প্রকাশ করেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। তাতে তাঁর মন্তব্য, ‘বেদনা সাগরের চেয়েও গভীর। এটা নিতান্তই দুঃখজনক যে, আমাদের জওয়ানেরা এত গভীর বেদনার সঙ্গে এমন কথা বলতে বাধ্য হচ্ছেন।’
প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন বিজেপির নেতৃত্ব ভারতীয় জওয়ানদের এমন ধরনের বিতর্কে টেনে আনলেন। রাজনৈতিক মহলের বিশ্বাস, উত্তর প্রদেশের ভোটে সাফল্য নিশ্চিত করতেই দেশপ্রেম বনাম দেশদ্রোহিতার বিষয়টি আনা হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইকের সময়ও এমন করা হয়েছিল।
বিজেপির এক সূত্রের কথায়, দেশের অতি বামপন্থী কিছু দল ও তাদের সমর্থকেরা গণতান্ত্রিক অধিকারের নামে যা করছে, বিজেপি তার বিরোধিতা করেই যাবে। সূত্রটি বলেন, উত্তর প্রদেশের শেষ দুই পর্যায়ের ভোটেও দল এই বিষয়টি প্রচারের অংশ করছে এটা বোঝাতে যে একমাত্র বিজেপির হাতেই দেশ সুরক্ষিত।