বিজেপির আনা বিলে বিরোধিতা করল তাদের সমর্থনপুষ্টরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনার্ড সাংমা। ছবি: সংগৃহীত।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনার্ড সাংমা। ছবি: সংগৃহীত।

বিজেপির আনা ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করল তাদের দলেরই সমর্থনপুষ্ট মেঘালয় সরকার। মেঘালয়ে কনার্ড সাংমার নেতৃত্বাধীন বিজেপি সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানালেন উলফা নেতা অনুপ চেটিয়া।

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকার জাতীয় সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল উত্থাপন করেছে। সেখানে বলা হয়েছে, ২০১৪ সালের আগ পর্যন্ত যেসব হিন্দু বিদেশ থেকে এসেছে, তাদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে। বিলটি বর্তমানে সিলেক্ট কমিটিতে রয়েছে।

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আসামে বিতর্ক তুঙ্গে। বিজেপি নেতারা যা-ই বলুন না কেন, তাঁদেরই জোট শরিক অসম গণপরিষদ এ ইস্যুতে জোট ছাড়ার হুমকি দিয়েছে। আসামের বেশির ভাগ দলেরই দাবি, বিদেশিদের ক্ষেত্রে হিন্দু-মুসলিম বিভাজন চলবে না।

সম্প্রতি যৌথ সংসদীয় কমিটি আসাম সফর করে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তাঁদের মতামত ব্যক্ত করে। দাবি ওঠে, আসাম চুক্তি মেনে ১৯৭১-এর পর যারাই ভারতে এসেছে, তাদের বিদেশি হিসেবে চিহ্নিত করতে হবে।

উলফা নেতা অনুপ চেটিয়া। ছবি: সংগৃহীত।
উলফা নেতা অনুপ চেটিয়া। ছবি: সংগৃহীত।

আসামের বিজেপি সরকার অবশ্য নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে। তাদের বক্তব্য, হিন্দুরা শরণার্থী হিসেবে বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছে। কিন্তু মুসলিমরা এসেছে অবৈধভাবে। তবে বিজেপি-শাসিত মেঘালয় সরকার প্রকাশ্যে বিরোধিতা করেছে নাগরিকত্ব সংশোধনী বিলের। খ্রিষ্টান-অধ্যুষিত মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনার্ড সাংমা প্রকাশ্যেই ঘোষণা করেছেন, তাঁরা নাগরিকত্বের প্রশ্নে জাতপাতের বিভাজন মানেন না।

কনার্ডের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন উলফা নেতা তথা সদ্য গঠিত এনর্থ ইস্ট ইন্ডিজেনাস পিপলস ফোরামের মুখ্য আহ্বায়ক অনুপ চেটিয়া। আজ শনিবার সকালে গুয়াহাটি থেকে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করি, বিদেশিরা বিদেশিই। জাতপাত নিয়ে আলাদা করার আমরা বিরোধী। মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমাদের আসামের এক বিজেপি বিধায়কও নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করেছেন।’

অনুপ চেটিয়া বলেন, ‘আসামে সমস্ত জায়গা ফুরিয়ে আসছে। বনাঞ্চলও ধ্বংসের পথে। এই অবস্থায় বিদেশিদের নতুন করে জায়গা দিতে গেলে তো আমরাই বাসস্থান হারাব।’ অনুপ চেটিয়াও আসাম চুক্তি মেনে ৭১ সালের পরে যারা এসেছে, তাদের শনাক্ত করে বিতাড়নের দাবি তোলেন।

কথাপ্রসঙ্গে উলফা নেতা জানান, দিল্লিতে শান্তি আলোচনা সঠিক দিশাতেই চলছে। খুব শিগগির তাঁরা শান্তি চুক্তি করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় জঙ্গি দল উলফার একটি বড় অংশ অনুপ চেটিয়াদের নেতৃত্বে ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসেছে। সে কারণে উভয় পক্ষের মধ্যে চলছে অস্ত্রবিরতি।