
উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরায় এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির কাজ শুধু দাঙ্গা বাধানো আর বিজ্ঞাপন করা। রাজ্যের রাজধানী আগরতলায় গতকাল মঙ্গলবার এক জনসভায় মমতা এই ভাষাতেই আক্রমণ করেন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপি সরকারকে।
মমতা বলেন, ‘দিল্লির কেন্দ্রীয় সরকার কোনো কাজ করছে না। দিল্লির নেতারা বাংলাকে বোঝেন না। ত্রিপুরাকে বোঝেন না। শুধু দিল্লির লাড্ডু বোঝেন। তাই কোনো কাজ নেই ওঁদের।’
ত্রিপুরায় উন্নয়নের ডাক দেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা।
৯ আগস্ট ছিল ঐতিহাসিক ‘ভারত ছাড়’ দিবস। ১৯৪২ সালে মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনবিরোধী ‘ভারত ছাড়’ আন্দোলনের ডাক দেন। এদিন সিপিএমশাসিত ত্রিপুরায় হাজার পঁচিশেক কর্মী-সমর্থকের উপস্থিতিতে মমতাও ডাক দেন ‘সিপিএম ত্রিপুরা ছাড়’। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে উন্নয়নের জোয়ার বইছে। কিন্তু ত্রিপুরা বঞ্চিত সিপিএমের কারণে। বিজেপি ও সিপিএমের পাশাপাশি কংগ্রেসেরও সমালোচনা করেন মমতা। ত্রিপুরার ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকার প্রতিষ্ঠায় বাংলা ঝাঁপিয়ে পড়বে বলেও ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।