বিজেপি জোর ধাক্কা খেল কর্ণাটকে

কর্ণাটকে বিজেপিকে আরও একবার জোর ধাক্কা দিল রাজ্যের শাসক কংগ্রেস ও ধর্মনিরপেক্ষ জনতা দলের (জেডিএস) জোট। লোকসভার তিনটি ও বিধানসভার দুই আসনের উপনির্বাচনে রাজ্যের জোট সরকার চারটি আসন জিতে নিল। বিজেপি দখলে রাখতে পেরেছে একমাত্র শিবমোগা লোকসভা আসন। কিন্তু কংগ্রেসের কাছে হারাতে হয়েছে তাদের খাসতালুক বলে পরিচিত বেল্লারি আসনটি। ২০০৪ সাল থেকে এই আসনে বিজেপি ছিল অপরাজিত।
লোকসভার উপনির্বাচন হয় বেল্লারি, শিবমোগা ও মান্ডিয়া কেন্দ্রে। বিধানসভার ভোট হয় রামনগর ও জামাখান্দিতে। কংগ্রেস জিতেছে বেল্লারি ও জামাখান্দি, জেডিএস দখলে রেখেছে মান্ডিয়া ও রামনগর। রামনগরে জিতে এই প্রথমবার বিধানসভার সদস্য হলেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর স্ত্রী অনিতা। কুমারস্বামী যে দুটি কেন্দ্র থেকে বিধানসভায় জিতেছিলেন, রামনগর তার একটি। জামাখান্ডি বিধানসভা কেন্দ্রটি খালি হয়েছিল কংগ্রেস সদস্য সিদ্দু ন্যামগৌড়ার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ায়। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী করা হয় ন্যামগৌড়ার ছেলে আনন্দকে। তিনি জেতেন প্রায় ৪০ হাজার ভোটে।
শিবমোগা কেন্দ্র বিজেপি দখলে রাখলেও ভোটের মার্জিন কমে গেছে প্রচুর। বিধানসভায় ভোটে জিতে লোকসভার এই কেন্দ্রটি ছেড়ে দেন সাবেক মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। এখানে বিজেপি প্রার্থী করা হয় তাঁর ছেলে রাঘবেন্দ্রকে। রাঘবেন্দ্র জিতেছেন মাত্র ৫২ হাজার ভোটে।
বেল্লারিতে কংগ্রেসের জয় বুঝিয়ে দিচ্ছে এই রাজ্যে বিজেপিকে স্বস্তিতে থাকতে দেবে না কংগ্রেস–জেডিএস জোট সরকার। টানা ১৪ বছর এই কেন্দ্রে বিজেপি হারেনি। খনি এলাকা বলে পরিচিত এই কেন্দ্রের সাংসদ ছিলেন বিজেপির শ্রীরামুলু। বিধানসভায় জেতার পর এই কেন্দ্রে শ্রীরামুলুর কথাতেই প্রার্থী করা হয় তাঁর বোন শান্তাকে। তাঁর মোকাবিলায় কংগ্রেসের প্রার্থী উগরাপ্পা ছিলেন বহিরাগত। কিন্তু তা সত্ত্বেও ২ লাখ ৩৩ হাজার ভোটের বিপুল ব্যবধানে উগরাপ্পা জেতেন। মান্ডিয়া লোকসভা আসন জেডিএস দখলে রেখেছে। বিজেপিকে তারা হারিয়েছে ৩ লাখ ২৪ হাজার ভোটের ব্যবধানে।
যে তিন লোকসভা কেন্দ্রে ভোট হলেও তার মেয়াদ অবশ্য সামান্য কয়েক মাস, আগামী বছর এপ্রিল–মে মাসে লোকসভার ভোট পর্যন্ত। কর্ণাটকে লোকসভার মোট আসন ২৮টি। এগুলোর মধ্যে ২০১৪ সালে বিজেপি জিতেছিল ১৫টিতে। এই উপনির্বাচনের ফলে স্পষ্ট, কংগ্রেস–জেডিএস জোট লোকসভা ভোটে এই রাজ্যে বিজেপিকে যথেষ্টই বেগ দেবে।