রাষ্ট্রপতি নির্বাচনে প্রভাব ফেলবে বিজেপির জয়

উত্তর প্রদেশে বিজেপির বিপুল বিজয়ে বিধানসভায় তাদের নিয়ন্ত্রণ বৃদ্ধির পাশাপাশি ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনেও প্রভাব পড়তে যাচ্ছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের জন্য এখন নিজেদের পছন্দের প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচনে জিতিয়ে আনাটা আগের চেয়ে সহজ হবে। বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়াদ আগামী জুলাইয়ে শেষ হচ্ছে।
বিজেপি উত্তর প্রদেশে ৩২৫টি আসন পেয়েছে। পাশাপাশি উত্তরাখন্ড রাজ্যে ৫৭টি এবং মণিপুরে ২১টি আসনে জিতেছে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হয় ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে। এ কলেজ ৭৭৬ জন সাংসদ ও ৪ হাজার ১২০ জন বিধায়কের সমন্বয়ে গঠিত হয়। এতে এনডিএ জোটের প্রতিনিধিত্বের কিছুটা ঘাটতি থাকলেও সমমনা বিজু জনতা দল, এআইএডিএমকে ইত্যাদি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে তারা রাষ্ট্রপতি নির্বাচনে উতরে যেতে পারত। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের পর অন্য দলের সমর্থন ছাড়াই বিজেপি জোট নিজেদের প্রার্থীকে রাষ্ট্রপতি করতে পারবে। অবশ্য দলীয় সভাপতি অমিত শাহ বলেছেন, এ ব্যাপারে ইলেকটোরাল কলেজ রয়েছে এবং তারা নিজেদের দায়িত্ব পালন করবে।
বৃহৎ রাজ্য উত্তর প্রদেশসহ অন্যান্য বিধানসভায় বিজেপির সাফল্য আগামী বছর রাজ্যসভার চিত্রও পাল্টে দেবে। ভারতীয় পার্লামেন্টের ওই উচ্চকক্ষে এনডিএ সরকার এখনো সংখ্যালঘু। ২০১৭ সালের আগস্টে রাজ্যসভায় উত্তর প্রদেশের ১০ সদস্যের মেয়াদ ফুরাবে। তাঁদের মধ্যে বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতীও রয়েছেন। এই ১০ আসনের বেশির ভাগই বিজেপির দখলে যাবে। ৪০৩ সদস্যের রাজ্যসভায় বিএসপির মাত্র ১৯ জন সদস্য রয়েছেন। সেখানে মায়াবতীকে পুনর্নির্বাচিত করা তাঁদের জন্য খুব কঠিন হবে। আগস্টে সব মিলিয়ে রাজ্যসভার ৫৮ সদস্য অবসর নেবেন। বিজেপি আশা করছে, এসব আসনের অন্তত অর্ধেক তারা দখল করতে পারবে।
তবে প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ সদস্য পিসি চাকো সংশয় প্রকাশ করে বলেন, সংখ্যাগুলো বিজেপিকে আত্মবিশ্বাস দেবে। কিন্তু নির্বাচনের হিসাব সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। কংগ্রেস প্রয়োজন হলেই সরকারের বিরোধিতা অব্যাহত রাখবে।