বিজেপির দিল্লি বিশ্ববিদ্যালয় জয়
১০ রাজ্যে বিধানসভা ও লোকসভার উপনির্বাচনের দিনই আজ শনিবার বিজেপি দখল করল দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন। কিন্তু একই সঙ্গে শনিবার মহারাষ্ট্রে তাদের শরিক দল শিবসেনার প্রধান সাবধান করে জানিয়ে দিলেন, বেশি লোভ অনেক সময় বিচ্ছেদ ডেকে আনে।
উপনির্বাচন ছিল মোটের ওপর শান্তিপূর্ণ। মূল আকর্ষণ অবশ্যই উত্তর প্রদেশ। সেখানে বিজেপিকে থামাতে সমাজবাদী পার্টি কতটা সফল হয়, সেটাই দেখার। আবার পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্রের ভোটের একমাত্র আকর্ষণ তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিরোধীরা একটি আসনও দখল করতে পারে কি না। তা যদি হয়, তা হলে অবশ্যই চিট ফান্ড কেলেঙ্কারিতে ব্যতিব্যস্ত ও বিপর্যস্ত তৃণমূল কংগ্রেসকে আরও কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে। কলকাতা ও বসিরহাট বিধানসভার উপনির্বাচনে একাধিক স্থানে সিপিএমের সমর্থকদের ওপর তৃণমূল কংগ্রেসের সমর্থকদের হামলার অভিযোগ শোনা গেছে। ১৬ সেপ্টেম্বর ৩৩টি বিধানসভা ও ৩টি লোকসভার উপনির্বাচনের ফল ঘোষণা হবে।
শনিবার দিনটা অবশ্য বিজেপির ভালোই কেটেছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের ভোটে দীর্ঘ ১৮ বছর পর এই প্রথম বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) নিরঙ্কুশ জয় পেল। সভাপতি, সহসভাপতি, সচিব ও যুগ্ম সচিব চারটি পদেই কংগ্রেসের ছাত্র সংগঠনকে হারিয়ে এবিভিপি জয়ী হয়েছে। বিজেপির সভাপতি অমিত শাহ এই জয়ে দলের ছাত্রনেতাদের অভিনন্দন জানিয়েছেন। তাঁর চোখ অবশ্যই এখন উপনির্বাচনের ফলের ওপর।
এই ভোটে বিজেপির ফল যদি ভালো না হয়, তা হলে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে বিজেপি-শিব সেনার মধ্যে আসন বণ্টনে প্রভাব পড়তে পারে। কোন দল কত আসনে লড়বে, তা নিয়ে ইতিমধ্যেই দুই দলে টানাপোড়েন শুরু হয়েছে। বিজেপি চায় আরও বেশি আসন, শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরের নজর আবার মুখ্যমন্ত্রীর আসন। ২৮৮ আসনের রাজ্য বিধানসভায় কে কত আসন পাবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
অথচ গতকাল শুক্রবার ভারতের নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভায় ভোটের ঘোষণা দিয়েছে। দুই রাজ্যেই ভোট হবে ১৫ অক্টোবর, গণনা ১৯ অক্টোবর।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন উদ্ধব
এদিকে আজ শনিবার শিবসেনার মুখপত্র সামনার সম্পাদকীয়তে বিজেপির উদ্দেশে লেখা হয়েছে, ‘সব দলেরই লোভ সংবরণ করা উচিত। জোট শরিকদের অবশ্যই জয়ের স্বপ্ন দেখার অধিকার আছে। কিন্তু বেশি আসন না পেলে জোটে থাকব না, এমন মনোভাব ঠিক নয়। মনে রাখা ভালো, অতি লোভ অনেক সময় বিচ্ছেদও ডেকে আনে।’ সম্পাদকীয়তে এই মন্তব্য করার পাশাপাশি উদ্ধব ঠাকরে এক টেলিভিশন সাক্ষাৎকারে কোনো রকম রাখঢাক না রেখে বুঝিয়ে দিয়েছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি বলেছেন, ‘আমি চাই জনগণ আমাকে একটা সুযোগ দিন। আমি তাঁদের অভিযোগ করার কোনো সুযোগ দেব না।’ উপনির্বাচনের ফল ভালো হলে অমিত শাহর পক্ষে মহারাষ্ট্রের জট খোলা সহজতর হবে।