বিজেপির নজর এবার ত্রিপুরায়
ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে দারুণ সাফল্যের পর এবার ত্রিপুরার বিধানসভা দখলে নজর উল্লসিত বিজেপির নেতাদের। উত্তর-পূর্বাঞ্চলীয় ছোট এ রাজ্যটিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনের কথা।
বাঙালি সংখ্যাগরিষ্ঠ ত্রিপুরায় ১৯৯৩ থেকে ক্ষমতায় রয়েছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা সিপিএমের নেতৃত্বাধীন বাম ফ্রন্ট। এর আগেও ১০ বছর রাজ্য শাসনের অভিজ্ঞতা রয়েছে দলটির। অন্যদিকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি এখনো এ রাজ্যে পরিষদীয় রাজনীতিতে খাতাই খুলতে পারেনি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝড়ের ভরসায় ২০১৮-এর বিধানসভা নির্বাচন জেতার জন্য এবার তৎপরতা শুরু করে দিচ্ছে গেরুয়া শিবির।
ত্রিপুরা রাজ্য বিধানসভার ৬০ আসনের ৫১টিই বামদের। ৬টি তৃণমূল কংগ্রেস ও ৩টি কংগ্রেসের। কোনোকালে এখানে বিজেপি আসন পায়নি। ২০১৩-এর বিধানসভা বা ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও বিজেপির ভোট ছিল মাত্র ১০ শতাংশের কাছাকাছি। কংগ্রেসের ছিল প্রায় ৪৭ শতাংশ।
এরপরও ভবিষ্যতে ত্রিপুরা দখলের বিষয়ে আশাবাদী বিজেপি। তা-ও আবার জোট করে নয়, একক শক্তিতেই।