বিজেপির নির্বাহী কমিটির বৈঠক শুরু
ভারতে ক্ষমতাসীন বিজেপি দলের শীর্ষ নেতৃত্ব গতকাল রোববার থেকে উত্তর প্রদেশের এলাহাবাদে দুই দিনের বৈঠক শুরু করেছে। দেশের সবচেয়ে জনবহুল এ রাজ্যে আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে দলের কর্মপন্থা নির্ধারণ করাই এ বৈঠকের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির এ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সভাপতি অমিত শাহ, বিজেপিশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরাসহ বিজেপির ৩০০ সদস্য অংশ নিচ্ছেন।
বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার দুই বছর পূর্তি হয়েছে গত মাসে। ঠিক এ সময়ই কেন্দ্রীয় নেতারা মিলিত হলেন। তবে বৈঠকে মূল আলোচ্য বিষয় থাকছে উত্তর প্রদেশের নির্বাচন। গত লোকসভা নির্বাচনে এই গুরুত্বপূর্ণ রাজ্যটিই বিজেপির ভূমিধস বিজয়ে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল। রাজ্যের ৮০টি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৭১টি। এরপর দিল্লি এবং বিহারের বিধানসভা নির্বাচনে পরাজয় হলেও সাম্প্রতিক আসাম বিধানসভা ভোটে জিতে যায় বিজেপি। এ ছাড়া পশ্চিমবঙ্গ এবং কেরালায় তাদের ভোট বেড়েছে।
এলাহাবাদ বৈঠক প্রসঙ্গে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ভূপিন্দর যাদব বলেন, ‘আমাদের সামনে উত্তর প্রদেশসহ পাঁচটি বিধানসভার নির্বাচন আছে। এসব নির্বাচনে দলকে জয়ী করার কৌশল ঠিক করা হবে। সদ্যসমাপ্ত নির্বাচনে এটা স্পষ্ট, বিজেপির প্রতি মানুষের আস্থা আছে।’