রাষ্ট্রপতি নির্বাচনে ভারতের শাসক দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএর পাল্লা আরও ভারী হলো। অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর কংগ্রেস পার্টি জানিয়েছে, বিজেপির পছন্দ করা প্রার্থীকেই তারা ভোট দেবে। প্রায় একই মনোভাব তেলেঙ্গানার শাসক দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির। তাদের নেতা এস চন্দ্রশেখর রাও বলেছেন, রাজ্যের স্বার্থ যারা দেখবে, তাদের প্রার্থীকেই ভোট দেবেন।
ভারতের পার্লামেন্টের দুই কক্ষ রাজ্যসভা ও লোকসভা এবং রাজ্যভিত্তিক বিধানসভাগুলোর বেশ কয়েক হাজার সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। দক্ষিণাঞ্চলের ওই দুই দলের সম্মিলিত ভোট-মূল্য প্রায় ৩৯ হাজার। রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির এনডিএ জোটের কাছে ভোটের ঘাটতি মাত্র সাড়ে ১৪ হাজার। কাজেই এই দুই দলের সমর্থন নিশ্চিত হলে বিজেপি মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়া আটকানো যাবে না। কিন্তু বিজেপির শরিক শিবসেনা কী করবে, সে বিষয়ে শাসক দল এখনো নিশ্চিত নয়। কংগ্রেসসহ অন্যান্য দল খুব চেষ্টা করছে শিবসেনাকে অন্তত রাষ্ট্রপতি নির্বাচনে কাছে পেতে। মহারাষ্ট্রের এই দলের মোট ভোট ২৬ হাজারের কাছাকাছি। তবে এই মুহূর্তে বিজেপির যা অবস্থা, তাতে শিবসেনা বিরোধিতা করলেও সাবেক অন্ধ্র প্রদেশের দুই দলের সমর্থন নিয়ে বৈতরণী পেরোতে অসুবিধা হবে না কেন্দ্রে ক্ষমতাসীন দলের।
বিজেপি অবশ্য এত অল্পে সন্তুষ্ট নয়। তারা তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকের সমর্থন পেতেও মরিয়া। আবার এই দলের সমর্থন পেতে মরিয়া কংগ্রেস চাইছে মহাত্মা গান্ধীর নাতি, লেখক ও সাবেক কূটনীতিক গোপালকৃষ্ণ গান্ধীকে সম্মিলিত বিরোধী প্রার্থী হিসেবে দাঁড় করতে। গোপালকৃষ্ণ সংবাদমাধ্যমের কাছে স্বীকারও করেছেন, এই বিষয়ে ইতিমধ্যেই কেউ কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। তবে তিনি হ্যাঁ বা না কিছুই জানাননি।
কংগ্রেস শিবিরে দ্বিতীয় নামটি মীরা কুমার, লোকসভার সাবেক স্পিকার। তবে পছন্দের নিরিখে গোপালকৃষ্ণ গান্ধী এগিয়ে। অসুস্থ সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ১০ জনপথে ফিরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল সোমবার তাঁর ডাকে দিল্লি আসছেন। মঙ্গলবার সোনিয়ার সঙ্গে তাঁর বৈঠক। মমতা দেখা করবেন প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও। মমতা চান, প্রণব মুখার্জিকে সম্মিলিত বিরোধী প্রার্থী হতে রাজি করাতে, যাতে বিজেপি চাপে পড়ে। কিন্তু প্রণব তাঁর ঘনিষ্ঠ মহলে বলেছেন, কেবল সর্বসম্মতভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেই তিনি দ্বিতীয় দফায় দায়িত্ব পালনে রাজি।
বিজেপি তাদের প্রার্থী সম্পর্কে এখনো কোনো ইঙ্গিত দেয়নি। যদিও দলের নেতারা নিভৃত আলোচনায় বলছেন, সংঘ পরিবার ও বিজেপির আদর্শে আজীবন বিশ্বাসী, এমন কেউই ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হবেন।