বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতিকে মারধর
দুই দিনের দার্জিলিং সফরে গিয়ে পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিক্ষোভকারীদের হাতে মারধরের শিকার হয়েছেন। দিলীপ ঘোষ গতকাল বৃহস্পতিবার দার্জিলিংয়ে যান।
দিলীপ ঘোষের বিরুদ্ধে বিরোধীরা বিক্ষোভ করেছে। কালো পতাকা দেখানো হয়। এর মধ্যেও তিনি কালিম্পংয়ে সভা করেন। আজ দার্জিলিংয়ে একটি বিজয় সম্মিলনীতে যোগ দেওয়ার জন্য কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার পথে কালীঝোড়ায় তিনি মারধরের শিকার হন।
দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, বিনয় তামাং গোষ্ঠীর একদল দুর্বৃত্ত তৃণমূলের সমর্থনে এই হামলা চালায়। এতে তিনি আহত হয়েছেন। রক্তাক্ত হয়েছেন তাঁর দলের কয়েকজন। তিনি এই নিয়ে থানায় অভিযোগ করেছেন। বলেন, পুলিশের সামনেই তাঁদের মারা হয়। পুলিশ কোনো সাহায্য করেনি।
পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে গত ১২ জুন থেকে ১০৭ দিন একটানা বন্ধের পর পাহাড়ে বন্ধ্ প্রত্যাহার হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে শান্তি ফেরাতে গোর্খা জনমুক্তি মোর্চার বিদ্রোহী নেতা বিনয় তামাংকে দার্জিলিংয়ের স্বায়ত্তশাসিত সংস্থা জিটিএর চেয়ারম্যানের দায়িত্ব দেন। কিন্তু দিলীপ ঘোষ গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুংয়ের পক্ষে অবস্থান নেওয়ায় বিনয় তামাংয়ের সমর্থকেরা খেপে যায়।