বিজেপির প্রবীণদের ক্ষোভ প্রশমনের উদ্যোগ
বিজেপির চার প্রবীণ নেতার ক্ষোভ প্রশমিত করতে এবার আসরে নামলেন দলের অন্য শীর্ষ নেতারা। গত বৃহস্পতিবার রাতে অর্থমন্ত্রী অরুণ জেটলি যান মুরলি মনোহর যোশির বাড়ি। সেই বৈঠকের পর গতকাল শুক্রবার পরপর দুটি বিবৃতি দেন এমন দুই নেতা, যাঁদের একজন বিক্ষুব্ধ ব্যক্তিদের কড়া শাস্তির দাবি জানিয়েছিলেন। দলীয় সূত্রের খবর, শীর্ষ নেতাদের ক্ষোভ প্রশমন করে বিতর্ক ধামাচাপা দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিহার বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পরই লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর যোশি, যশোবন্ত সিনহা ও শান্তা কুমার দলের ক্ষমতাসীন নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তাঁরা পরাজয়ের দায়িত্ব নির্ধারিত করার ওপর জোর দিয়েছিলেন। এর পাল্টা বিজেপির সাবেক সভাপতি কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নিতীন গড়কড়ি বলেছিলেন, যাঁরা এভাবে প্রকাশ্যে ক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের কড়া শাস্তি দেওয়া দরকার। নিতীনের এই মন্তব্য বিজেপির ‘দুষ্ট চতুষ্টয়’কে আরও ক্ষুব্ধ করে তোলে। গত বৃহস্পতিবার জেটলির কাছে সেই ক্ষোভই উগরে দেন যোশি।
এর পরেই শুক্রবার নাগপুর থেকে লিখিত বিবৃতি প্রচার করেন নিতীন। তাতে তিনি বলেন, ‘আদভানি, যোশি দলে শ্রদ্ধেয় নেতা। তাঁদের প্রতি আমি বা দলের কেউই কখনো অশ্রদ্ধা দেখাইনি। আমি দলের সভাপতি অমিত শাহকে তাঁদের শাস্তি দিতে বলেছি বলে সংবাদমাধ্যমে যে খবর বেরিয়েছে, তা সম্পূর্ণ অসত্য।’
নিতীনের এই সাফাইয়ের পরই বিবৃতি আসে দলের আরেক সাবেক সভাপতি ভেঙ্কাইয়া নাইডুর। তিনি বলেন, শীর্ষ নেতারা কেউই কিন্তু প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করেননি। তাঁরা দলের কৌশল নিয়ে প্রশ্ন করেছেন কিন্তু প্রধানমন্ত্রীর নাম করে কিছু বলেননি। ভেঙ্কাইয়া বলেন, শীর্ষ নেতারা অবশ্য প্রকাশ্যে এসব কথা না বললেই ভালো হতো।
চার প্রবীণ নেতার সুরে নতুন করে কেউ সেভাবে সুর মেলাননি। দুই পক্ষই আপাতত চুপ। এর মধ্যেই শুরু হয়েছে প্রবীণদের মানভঞ্জনের চেষ্টা। সে জন্যই জেটলি সক্রিয়।