বিজেপির ভুলের পর ভুল
১. কিরণ বেদীকে দলে নেওয়া ও ভাবী মুখ্যমন্ত্রী ঘোষণা করা
২. পানি ও বিদ্যুতের দাম কমানো নিয়ে সরাসরি কোনো প্রতিশ্রুতি না দেওয়া
৩. দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি থেকে সরে আসা
৪. এএপির তহবিলে হাওয়ালা মারফত কালোটাকা আসার অভিযোগ তোলা
৫. দিল্লিতে বাস করা উত্তর-পূর্বাঞ্চলের মানুষদের ‘অভিবাসী’ আখ্যা দেওয়া
দিল্লি বিধানসভা নির্বাচনের ৭২ ঘণ্টা আগে তিন প্রতিষ্ঠিত সংস্থার জরিপ আম আদমি পার্টির (এএপি) জয়জয়কার ও বিজেপির ভরাডুবির আভাস দিলে স্বাভাবিকভাবেই কয়েকটি প্রশ্ন মনে জাগে। যে জরিপকারীরা মাত্র কিছুদিন আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রথের চাকা গড়গড় করে এগিয়ে যাওয়ার ভবিষ্যদ্বাণী করেছে, তারা দিল্লির ভোটে কেন হঠাৎ বেসুরো গাইছে? দ্বিতীয় প্রশ্ন, এই আভাস সত্যি হলে বিজেপির এই হাল হতে চলেছে কেন? কেনই বা ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী দৌড়ে পিছিয়ে থাকা অরবিন্দ কেজরিওয়াল এমন হইহই করে এগিয়ে চলেছেন?
দিল্লি বিধানসভা নির্বাচনের ৭২ ঘণ্টা আগে তিন প্রতিষ্ঠিত সংস্থার জরিপ আম আদমি পার্টির (এএপি) জয়জয়কার ও বিজেপির ভরাডুবির আভাস দিলে স্বাভাবিকভাবেই কয়েকটি প্রশ্ন মনে জাগে। যে জরিপকারীরা মাত্র কিছুদিন আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রথের চাকা গড়গড় করে এগিয়ে যাওয়ার ভবিষ্যদ্বাণী করেছে, তারা দিল্লির ভোটে কেন হঠাৎ বেসুরো গাইছে? দ্বিতীয় প্রশ্ন, এই আভাস সত্যি হলে বিজেপির এই হাল হতে চলেছে কেন? কেনই বা ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী দৌড়ে পিছিয়ে থাকা অরবিন্দ কেজরিওয়াল এমন হইহই করে এগিয়ে চলেছেন?
যে উত্তরগুলো উঠে আসছে, সেগুলোর শীর্ষে রয়েছেন কিরণ বেদী। কিরণকে ভাবী মুখ্যমন্ত্রী ঘোষণা করে ভোটে লড়া মোদি-শাহ জুটি ভেবেছিলেন, অরবিন্দ কেজরিওয়াল যদি বুনো ওল হন, কিরণ বেদী তা হলে বাঘা তেঁতুল। কিরণই হবেন অরবিন্দের জবাব। কিন্তু সেটা যে বুমেরাং হবে, তা প্রথম দিকে বোঝা যায়নি। রাজ্য নেতারা পরামর্শ দিয়েছিলেন, দলে নেওয়া হলেও ‘উড়ে এসে জুড়ে বসা’ কিরণ মুখ্যমন্ত্রী হবেন, এই ঘোষণা যেন না করা হয়। মোদি-শাহ তা শোনেননি। বিজেপির মিত্র আরএসএসের নেতারা মঙ্গলবার বলেছেন, দলের কর্মীরা হতাশ হয়ে বসে গেছেন।
কিরণ বেদীকে দলে নেওয়া ও ভাবী মুখ্যমন্ত্রী ঘোষণা যদি বিজেপির প্রথম ভুল হয়, দ্বিতীয় ভুল তা হলে পানি ও বিদ্যুতের দাম কমানো নিয়ে সরাসরি কোনো প্রতিশ্রুতি না দেওয়া। এই প্রতিশ্রুতি দিয়ে এএপি বেশ জোরের সঙ্গেই বলেছে, ক্ষমতায় এলে আগেরবারের মতো এবারেও তারা পানি-বিদ্যুতের বিল কমাবে। বিদ্যুৎ কোম্পানির নিরীক্ষাও হবে। কেজরিওয়াল এ অভিযোগও করেন, বিজেপির রাজ্য সভাপতি সতীশ উপাধ্যায়ের সঙ্গে বিদ্যুৎ কোম্পানির ব্যবসায়িক সম্বন্ধ রয়েছে। তাই বিজেপি এমন কোনো ব্যবস্থা নেবে না, যাতে কোম্পানির লাভ কমে যায়। বিজেপি এ অভিযোগকে এতটাই গুরুত্ব দেয় যে সতীশ উপাধ্যায়কে টিকিটই দেয়নি।
বিজেপির তৃতীয় ভুল, দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি থেকে সরে আসা। বিজেপি বরাবর ছোট রাজ্য গঠনের দাবিকে সমর্থন করেছে। দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিও তাদের অনেক দিনের। এবার তারা সেই দাবির কোনো উল্লেখ ‘ভিশন ডকুমেন্ট’ নামে ঘোষিত ইশতেহারে রাখেনি। অথচ এএপি ইশতেহারে এই দাবি জানিয়েছে।
এএপির তহবিলে হাওয়ালা মারফত কালোটাকা আসার অভিযোগ তোলা বিজেপির চতুর্থ ভুল। এতে হিতে বিপরীত হয়েছে। এএপি সব দলের চাঁদার হিসাব তদন্ত করে দেখার আরজি করে সুপ্রিম কোর্টে। তখন থেকে বিজেপি চুপ। অন্যদিকে এর পর থেকে এএপির তহবিলে চাঁদা দেওয়ার ধুম পড়ে গেছে।
মোদি বললেন: দিল্লির নির্বাচন-পূর্ব জরিপগুলো এএপিকে এগিয়ে রাখলেও সেসব জরিপের ফল মেনে নিত নারাজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল দক্ষিণ দিল্লির আম্বেদকারনগরে এক নির্বাচনী সভায় মোদি বলেন, ‘মিথ্যা কথায় কান দেবেন না। বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে।’ তিনি বলেন, ‘আমি বারানসিতে লোকসভায় দাঁড়িয়েছিলাম। জরিপে বলা হয়েছিল, আমি বড় ব্যবধানে হেরে যাব। কিন্তু নির্বাচনে আমি জিতে গিয়েছিলাম।’