বিজেপির যোগী আদিত্যনাথ লড়বেন গোরক্ষপুর থেকেই
ঝুঁকি নিলেন না ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঝুঁকি নিল না শাসক বিজেপিও। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী নিজের খাসতালুক গোরক্ষপুর শহর থেকে বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ শনিবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে এ কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রয়াগরাজ (আগের নাম এলাহাবাদ) জেলাসংলগ্ন সিরাথু বিধানসভা কেন্দ্র থেকে।
কয়েক দিন ধরেই বিজেপি মহলে শোনা যাচ্ছিল, হিন্দুত্ববাদের পালে হাওয়া লাগাতে আদিত্যনাথকে এবার হয় অযোধ্যা, নয়তো মথুরা থেকে দাঁড় করানো হবে। কিন্তু তা যে হচ্ছে না, শনিবার তা স্পষ্ট হয়ে গেল। দলীয় সূত্রে জানা গেছে, নিজের চেনা এলাকা গোরক্ষপুর ছেড়ে অন্য কোথাও যেতে আদিত্যনাথ রাজি হননি।
আদিত্যনাথ গোরক্ষপুর থেকে লোকসভায় প্রথম নির্বাচিত হয়েছিলেন ১৯৯৮ সালে। সেই থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা পাঁচবারের সাংসদ তিনি। ২০১৭ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি রাজ্য আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদের সদস্য হন। উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও উচ্চকক্ষের সদস্য। সেই অর্থে এবারই দুজন প্রথমবার বিধানসভার প্রার্থী হলেন।
এদিকে আদিত্যনাথের নির্বাচনী ক্ষেত্র ঘোষণার সঙ্গে সঙ্গেই সমাজবাদী পার্টির (এসপি) নেতা অখিলেশ যাদব কটাক্ষ করে বলেন, বিজেপি তাঁকে গোরক্ষপুরেই আটকে রাখার সিদ্ধান্ত নিল। মুখ্যমন্ত্রী ওখানেই আবদ্ধ থাকুন। বাইরে বেরোনোর দরকার নেই।
উত্তর প্রদেশের ভোট এবার হচ্ছে সাত দফায়। নির্বাচন শুরু হবে ১০ ফেব্রুয়ারি, শেষ ৭ মার্চ। মুখ্যমন্ত্রীর কেন্দ্রের ভোট হবে ষষ্ঠ দফায়, ৩ মার্চ। গতকাল প্রথম দুই দফা ভোটের মোট ১১৩ কেন্দ্রের মধ্যে ১০৫টির প্রার্থীর নাম জানানো হলো। সেই সঙ্গে বাড়তি দুই প্রার্থী মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নাম ও কেন্দ্র চূড়ান্ত করে দেওয়া হলো রাজনৈতিক জল্পনা বন্ধ করতে। গতকাল যে ১০৫ কেন্দ্রের প্রার্থী তালিকা জানানো হয়, গত ভোটে সেগুলোর মধ্যে বিজেপি জিতেছিল ৮৩ আসনে। জয়ী প্রার্থীদের মধ্যে এবার টিকিট দেওয়া হয়নি ২০ জনকে।
উত্তর প্রদেশের রাজনীতিতে গতি
ভোটের মুখে উত্তর প্রদেশের রাজনীতি দলত্যাগের ঘটনায় চনমনে হয়ে উঠেছে। গত এক সপ্তাহে বিজেপি ছেড়েছেন ১০ বিধায়ক। বিজেপির সহযোগী আপনা দল ছেড়েছেন ২ জন। সবাই যোগ দিয়েছেন এসপিতে। দলত্যাগীরা প্রত্যেকেই বিভিন্ন অনগ্রসর ও দলিত শ্রেণিভুক্ত। সবার অভিযোগ বিজেপি অনগ্রসরদের দিকে তাকায়নি। অনগ্রসর শ্রেণির সমর্থনে এই বিরাট ধসের মোকাবিলা বিজেপি কীভাবে করবে, এখনো নিশ্চিত নয়। ধর্মীয় মেরুকরণে ভর দিয়ে হিন্দুত্ববাদের ছাতার তলায় জাতভিত্তিক সমাজের সবাইকে জড়ো করার যে প্রক্রিয়া বিজেপিকে ২০১৪ সাল থেকে সুফল দিয়েছে, এই প্রথমবার তা চ্যালেঞ্জের মুখে। বিজেপির ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ বা রংধনু জোটের আদলে জোট গড়ে এসপি নেতা অখিলেশ যাদব পাল্টা রুখে দাঁড়িয়েছেন। যার ফলে মনে করা হচ্ছে, উত্তর প্রদেশের ভোট আগেরবারের তুলনায় এবার আর একপেশে হবে না।
সমাজবাদী পার্টির সঙ্গে জোটবদ্ধ হতে আগ্রহী ছিলেন উত্তর প্রদেশের দলিত নেতা চন্দ্রশেখর আজাদও। অখিলেশের সঙ্গে তাঁর বৈঠকও হয়েছিল। কিন্তু গত শুক্রবার তিনি জানান, অখিলেশের দলিতদের সমর্থন প্রয়োজন নেই। তাই জোট হচ্ছে না। গতকাল অখিলেশ এর জবাবে বলেন, চন্দ্রশেখর আজাদের দল আজাদ সমাজ পার্টিকে তিনি দুটি আসন দিতে চেয়েছিলেন। কিন্তু কারও সঙ্গে ফোনে কথা বলার পর তিনি জানান ভোটে লড়বেন না। অখিলেশ জানিয়েছেন, আর কোনো দলের সঙ্গে তিনি জোট করছেন না।