বিজেপির রথযাত্রার পাল্টা 'সংহতি যাত্রা' শুরু পশ্চিমবঙ্গে

বিজেপির রথযাত্রার পাল্টা জবাবে পশ্চিমবঙ্গে ‘সংহতি যাত্রা’ শুরু করেছে অর্ধশতাধিক সংগঠন। গতকাল সোমবার সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে এবং গণতন্ত্র বাঁচাতে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়ে পথে নামে তারা। এই সংহতি যাত্রা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।
কলকাতার ধর্মতলার রেড রোডে বাবা সাহেব বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ মানববন্ধন করার পর শুরু হয় এই সংহতি যাত্রা। মানববন্ধনে নেতারা বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে যেভাবে সাম্প্রদায়িক মেরুকরণের জন্য তৎপরতা চালাচ্ছে, তারই বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত গোটা রাজ্যে ১০ দিনব্যাপী চলবে সংহতি যাত্রা।
৬ ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের প্রয়াণদিবস। এদিন বাবরি মসজিদ ধ্বংস করা হয়। বাবা সাহেব ছিলেন ভারতের সংবিধান রচনার প্রধান কারিগর, সমাজসংস্কারক, রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ। প্রতিবছর ৬ ডিসেম্বর পালিত হয় সংবিধান দিবস।
এই সংহতি যাত্রায় যোগ দিয়েছে রাজ্যের দলিত সংখ্যালঘু ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের অন্তত ৫০টি সংগঠন। তাদের নেতৃত্বে গড়া ‘সংবিধান বাঁচাও সমিতি’। এই সমিতিতে রয়েছে তফসিল জাতি, উপজাতি, দলিত ও সংখ্যালঘু বিভিন্ন সংগঠন।
এই সমিতির নেতা মুহম্মদ কামরুজ্জামান বলেন, ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন। ওই দিন ধর্মতলায় ১০ দিনব্যাপী সংহতি যাত্রা শেষে অনুষ্ঠিত হবে সমাবেশ।
গতকাল সংহতি যাত্রার শুরুর আগে সংখ্যালঘু যুব ফেডারেশনে রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘কেন্দ্রীয় মোদি সরকার সংবিধান মানছে না। আজ আমাদের সংবিধান আক্রান্ত। গণতন্ত্র আক্রান্ত। সাংবাদিক গৌরী লঙ্কেশ থেকে শুরু করে আমাদের অনেক মুক্তমনা বুদ্ধিজীবী খুন হয়েছেন। রাজ্যে রথযাত্রার নামে সাম্প্রদায়িক রাজনীতি করছে বিজেপি। তাই সংবিধান দিবসে বিজেপির রথযাত্রার পাল্টা আমরা সূচনা করলাম সংহতি যাত্রার।’
সংবিধান বাঁচাও সমিতির আরেক নেতা শরদিন্দু উদ্দীপন বলেছেন, ‘বিজেপি ক্ষমতায় আসার পর এই রাজ্যে সংখ্যালঘু এবং দলিত নির্যাতন বেড়েছে।’ আরেক নেতা মুহাম্মদ নুরুদ্দিন বলেছেন, ‘এখন আমাদের সংবিধান সাংঘাতিকভাবে আক্রান্ত। সংবিধানের মূল চরিত্র “ধর্মনিরপেক্ষতা” আক্রান্ত। আজ দেশজুড়ে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। বিদ্বেষ ছড়ানো হচ্ছে। দলিত ও আদিবাসী সমাজের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না। তাই সংবিধান রক্ষা করার লক্ষ্য নিয়ে এবং বিজেপির রথযাত্রার পাল্টা হিসেবে আমরা শুরু করেছি সংহতি যাত্রা।’
প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারের অংশ হিসেবে বিজেপি আগামী মাসে বের করছে রাজ্যজুড়ে তিনটি সুসজ্জিত প্রচার রথ। তিনটি আধুনিক বাসকে রূপান্তর করা হচ্ছে এই রথে। এই রথ পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্র পরিভ্রমণ করে মিলবে এসে কলকাতায়। তারপর আগামী ২৩ জানুয়ারি কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির মহাসমাবেশে যোগ দেবে এই রথের সারথিসহ অন্যরা।
সেই রথযাত্রা রুখে দেওয়ার জন্য সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র গত শুক্রবার বলেন, ‘বিজেপির ওই রথের চাকায় লেগে আছে আমাদের ভাই হত্যার রক্ত। এবার ৬ ডিসেম্বর আমাদের পথে নেমে রুখে দিতে হবে ওই রথের চাকা। কারণ, ভগবান জগন্নাথ দেবের রথ নয় এটি। এটা বিজেপির ভোটের রথ।’ তিনি আরও বলেছেন, তাই দেশের ১৭টি বাম দল দল আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনে ‘সম্প্রীতি দিবস’ পালনের মাধ্যমে বিজেপির রথযাত্রা রুখে দেওয়ার লক্ষ্য নিয়েছে।
বিজেপির রথ বের হবে আগামী ৭, ৯ ও ১৪ ডিসেম্বর। কোচবিহার থেকে শুরু হবে ৭ ডিসেম্বর, দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ থেকে শুরু হবে ৯ ডিসেম্বর আর বীরভূমের তারাপীঠ থেকে শুরু হবে ১৪ ডিসেম্বর।