বিজেপির সাংসদের ‘অডিও’ ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ সৌমিত্র খাঁ
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের বাঁকুরা জেলার বিষ্ণুপুর আসনের বিজেপির সাংসদ সৌমিত্র খাঁর কথোপকথনের একটি ‘অডিও ক্লিপ’ ফাঁস হয়েছে। গতকাল শনিবার কলকাতার সংবাদমাধ্যমে এই ক্লিপটি ফাঁস হয়।

সৌমিত্র বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতিও। ফাঁস হওয়া অডিওতে সৌমিত্রের মতো কণ্ঠধারীকে বলতে শোনা যায়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে মাত্র তিনটি আসন পাবে।

অডিওতে আরও বলা হয়, কোচবিহারের দিনহাটা আসনের বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক আগামী লোকসভা নির্বাচনে ৫০ হাজার ভোটে হারবেন। রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরে বিজেপি একটি আসনও পাবে না। তবে মতুয়া নেতা ও বর্তমান সাংসদ শান্তনু ঠাকুর জিতবেন। রাজ্যে বিজেপির কর্মীরা দলীয় মন্ত্রীদের দ্বারা কোনো উপকার পাচ্ছেন না।

২০১৯ সালের সবশেষ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে বিজেপি ১৮টিতে জয় পায়। তৃণমূল কংগ্রেস পায় ২২টি আসন। কংগ্রেস পায় দুইটি আসন। বাম দল কোনো আসন পায়নি।

সৌমিত্র দাবি করেন, ‘অডিও ক্লিপটি জাল বলেই আমার মনে হয়। এ ধরনের কোনো আলোচনা কারও সঙ্গে আমার হয়নি। এ রকম অডিও অনেক সময় বাজারে ঘোরে। যাঁরা আমার বিরোধী, তাঁরা এমনটা করতে পারেন। গলার স্বর এখন অবিকল নকল করা যায়।’

সৌমিত্রের অডিও ফাঁসের পর রাজ্য বিজেপির মুখ্যপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ওই অডিও ক্লিপ নিয়ে তাঁদের সন্দেহ রয়েছে।