বিজেপির সাবেক উপদেষ্টার মুখে শিবসেনার কালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাইয়ে গতকাল কালিমাখা মুখ নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিজেপির সাবেক উপদেষ্টা সুধীন্দ্র কুলকার্নি। পাশে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি l এএফপি
ভারতের মুম্বাইয়ে গতকাল কালিমাখা মুখ নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিজেপির সাবেক উপদেষ্টা সুধীন্দ্র কুলকার্নি। পাশে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি l এএফপি

ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার সমর্থকেরা দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সাবেক উপদেষ্টা সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি মাখিয়ে দিয়েছে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করায় গতকাল সোমবার মুম্বাইয়ে কুলকার্নির বাড়ির সামনেই এ ঘটনা ঘটানো হয়। ওই ঘটনার পরও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মুম্বাইয়ে গতকালই বইটির প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
কাসুরির ‘নাইদার আ হোক নর আ ডাভ: আ ইনসাইডারস অ্যাকাউন্ট অব পাকিস্তানস ফরেন পলিসি’ নামের বইটির প্রকাশনার অন্যতম আয়োজক ছিলেন সাবেক কূটনীতিক কুলকার্নি। গতকাল বইটির প্রকাশনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ওই অনুষ্ঠান বন্ধ করতে শিবসেনা আগে থেকেই হুমকি দিয়ে আসছিল।
কুলকার্নি গত রোববার শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন। উদ্ধব শিবসেনার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন। আর গতকাল সকালেই কুলকার্নির বাড়ির সামনে একদল লোক তাঁর মুখে কালি মাখিয়ে দেয় বলে অভিযোগ করেন কুলকার্নি। এ ঘটনার পর মুম্বাইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুলকার্নি প্রকাশনা আয়োজন করতে পিছপা হবেন না বলে জানিয়ে দেন। তিনি বলেন, ‘এই বিরাট শহরে কাসুরিকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক হুমকি-ধমকি উপেক্ষা করে তিনি আমাদের শহরে এসেছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’
সংবাদ সম্মেলনে মাহমুদ কাসুরি বলেন, সবারই যেকোনো বিষয়ে প্রতিবাদ করার অধিকার আছে। তবে কুলকার্নির ওপর যেভাবে হামলা হয়েছে, সেটি মেনে নেওয়া যায় না।’ তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মী হিসেবে পুলিশের লাঠিপেটাও আমিও সহ্য করেছি। রাজনৈতিক বিরোধিতা কী, সেটি আমি জানি। তবে কুলকার্নির ওপর যা হয়েছে, তা কোনো অধিকারের মধ্যে পড়ে না।’
শিবসেনা অবশ্য এ ঘটনার জন্য গর্বিত বলে দাবি করেছে। দলের নেতা সঞ্জয় রাউত বলেন, ‘ওটা কালি নয়, আমাদের সৈনিকদের রক্ত। মানুষের আবেগকে জ্ঞানী ব্যক্তিদের গুরুত্ব দিতে হবে। না হলে এমন ঘটনার মুখে পড়তেই হবে।’ তিনি বলেন, ‘কাসুরির বিরুদ্ধে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা পাকিস্তানবিরোধী।’
মহারাষ্ট্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের জোটসঙ্গী শিবসেনা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ অবশ্য বইয়ের প্রকাশনা অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি কুলকার্নির মুখে কালি ছিটানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন। বলেছেন, গণতন্ত্রে সব সময় অন্য মত প্রকাশের জায়গা থাকা উচিত।