বিজেপির 'শহুরে নকশাল' ধরার নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারভারা রাও, গৌতম নওয়ালাখা, সুধা ভরদ্বাজ, অরুণ ফেরেরা, ভারনন গনসালভেস। ছবি: সংগৃহীত
ভারভারা রাও, গৌতম নওয়ালাখা, সুধা ভরদ্বাজ, অরুণ ফেরেরা, ভারনন গনসালভেস। ছবি: সংগৃহীত

রাজ্যে রাজ্যে ‘শহুরে নকশাল’ ধরার মধ্য দিয়ে শাসক দল বিজেপি ‘দেশপ্রেমী বনাম দেশদ্রোহী’ বিতর্ককে নতুন করে উসকে দিতে চাইলেও এই পদক্ষেপ বিরোধী ঐক্য আরও জোরদার করে তোলার অনুঘটকের কাজ করবে। ইতিমধ্যেই বিরোধী দলগুলো শাসক দলের এই ভূমিকার সমালোচনায় মুখর। শুধু রাজনৈতিক দলই নয়, প্রতিবাদী হয়ে উঠছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো অরাজনৈতিক সংগঠনগুলোও। এই অরাজনৈতিক আন্তর্জাতিক সংগঠন জানিয়েছে, ভারতের উচিত ভয়ের পরিবেশ সৃষ্টির বদলে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষা করা।

প্রতিবাদী চরিত্রের লোকজন, যাঁরা সামাজিক অবিচার ও শান্তিপূর্ণ গণ-আন্দোলনের সঙ্গে গণতান্ত্রিকভাবে যুক্ত, তাঁদের ব্যাপক ধরপাকড়ের মধ্য দিয়ে শাসক দল স্পষ্ট বুঝিয়ে দিতে চাইছে, তাদের সংজ্ঞা অনুযায়ী যা ‘দেশদ্রোহ’, তার মোকাবিলা তারা কড়া হাতে করতে আগ্রহী। এই কারণে গতকাল মঙ্গলবার দেশজোড়া পুলিশি অভিযানে বিদ্বজ্জন ও দলিত আন্দোলনকারীদের গ্রেপ্তারের প্রায় সঙ্গে সঙ্গেই বিজেপি ও সংঘ পরিবার সরকারি এই অভিযানের সমর্থনে নেমে পড়ে। তাদের কথায় যাঁরা ‘শহুরে নকশাল’ বলে পরিচিত, তাঁদের লড়াই যে আসলে রাষ্ট্রবিরোধী, সেই ‘সত্য’ প্রমাণে শাসক দল মরিয়া। এতটাই যে সরকারি অভিযোগ সমর্থন করে তাঁরা বলছেন, ধৃত ব্যক্তিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যা’র চক্রান্তের সঙ্গে যুক্ত।

এই বছরের প্রথম দিনে মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁওয়ে দলিতদের সঙ্গে মারাঠা ও পুলিশ বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এর ঠিক আগের দিন ভীমা-কোরেগাঁও লড়াইয়ের ২০০তম বার্ষিকী উদ্‌যাপিত হয়। সেই লড়াইয়ে ব্রিটিশদের পাশে ছিল এলাকার দলিতরা, যারা হারিয়েছিল মারাঠা পেশোয়াদের। রাজ্য প্রশাসন ও পুলিশের বক্তব্য, ভীমা-কোরেগাঁওয়ে দলিতদের সংগঠিত করে রাষ্ট্রের বিরুদ্ধাচরণে যাঁরা উসকানি দিয়েছিলেন, তাঁদেরই গতকালের অভিযানে গ্রেপ্তার করা হয়। মহারাষ্ট্রের বিজেপি সরকারের দাবি, দলিত আন্দোলনকারী নেতাদের সঙ্গে মাওবাদীদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। পুলিশের দাবি, ওই ঘটনার তদন্তের সময় তারা একটি চিঠি উদ্ধার করে। তাতে প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনার কথা ছিল। সেই চিঠিতে নাকি বিশিষ্ট কবি ও লেখক এবং মানবাধিকারকর্মী পি ভারভারা রাওয়ের নাম ছিল। গতকাল দেশবিরোধী কাজের অভিযোগে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মধ্যে ৭৮ বছরের প্রবীণ ভারভারা রাও-ও রয়েছেন। আর আছেন দেশের পরিচিত অধ্যাপক, সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকারকর্মীরা, যাঁরা নানাবিধ গণ-আন্দোলনের সঙ্গে গণতান্ত্রিকভাবে যুক্ত।

এই গোটা অভিযানকে বিজেপি ও সংঘ পরিবার ‘আইনি তকমা’ দিলেও বিরোধী রাজনীতিক ও গণ-আন্দোলন কর্মীরা এই পদক্ষেপকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছেন। বিশিষ্ট চিন্তাবিদ রামচন্দ্র গুহ, লেখিকা অরুন্ধতী রায়, সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা, সামাজিক আন্দোলন কর্মী স্বামী অগ্নিবেশ, আইনজীবী ইন্দিরা জয় সিংসহ বহু মানুষ এর বিরোধিতায় নেমেছেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ক্রমে ক্রমে দেশে একটাই বেসরকারি সংগঠন থাকবে—আরএসএস। বামপন্থী দলগুলো তো অবশ্যই, তৃণমূল কংগ্রেসসহ বিজেপিবিরোধী একাধিক দল এই ধরপাকড়ের বিরোধিতা শুরু করেছে। বিরোধীরা এই সরকারি আচরণকে বিজেপির ‘দলিতবিরোধিতা’র বড় প্রমাণ হিসেবে তুলে ধরতে চাইছে। বিজেপি যে আসলে ‘বর্ণহিন্দুদের দল’, সেই দলে দলিত ও অনগ্রসরদের যে কোনো স্থান নেই, বিরোধীরা সেটাই প্রচারে নিয়ে আসছে। সেই সঙ্গে বোঝাতে চাইছে, বিজেপি গোটা দেশে ভয়ের বাতাবরণ সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সে জন্যই তারা জরুরি অবস্থার স্মৃতি ফিরিয়ে আনছে।

গতকালের ঘটনায় কবি ভারভারা রাও, আইনজীবী সুধা ভরদ্বাজ ও অরুণ ফেরেরা, সাংবাদিক গৌতম নওয়ালাখা ও অধ্যাপক ভারনন গনসালভেসকে ‘আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট’-এর (ইউএপিএ) আওতায় গ্রেপ্তার করা হয়েছে। এই আইন এ দেশে ‘কালো আইন’ নামে পরিচিত। সন্ত্রাসবাদীদের মোকাবিলায় এই আইনে দিনের পর দিন বিনা বিচারে আটক রাখা যেতে পারে। এই গ্রেপ্তারির বিরুদ্ধে মানবাধিকারকর্মী-সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। আজ বুধবার বিকেলে তার শুনানি। আবেদনকারীদের আরজি, মহারাষ্ট্র সরকার গণতান্ত্রিক স্বর রুদ্ধ করতে চাইছে। আবেদনকারীদের পক্ষে সওয়াল করবেন বিশিষ্ট আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি।