বিজেপি-কংগ্রেসের কাজিয়া তুঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটিও গুরুত্বপূর্ণ বিল পাস না করে গতকাল বৃহস্পতিবার প্রত্যাশিত অচলাবস্থার মধ্যে শেষ হলো ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন। সারা দেশে অভিন্ন পণ্য ও পরিষেবার জন্য সংবিধান সংশোধন বিল (জিএসটি) পাস না হওয়ায় আগামী বছর এই ব্যবস্থা কার্যকর হবে কি না, সে বিষয়ে থেকে গেল ঘোর সংশয়। এই অবস্থায় সংসদের এক জরুরি অধিবেশন ডাকা নিয়ে শাসকগোষ্ঠী আলোচনা করেছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অচলাবস্থার জন্য প্রধান শাসক দল বিজেপি এবং প্রধান বিরোধী কংগ্রেস একে অপরের প্রতি বিষোদ্গার অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বলেন, কংগ্রেসের এই আচরণ জরুরি অবস্থার সময় তাদের ভূমিকা মনে করিয়ে দিচ্ছে। কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী পাল্টা বলেন, বিজেপি দেশটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) হাত থেকে দেশকে রক্ষা করাই তাঁর একমাত্র কাজ।
এক মাসের এই অধিবেশনে কাজের দিন ছিল মোট ১৮টি। অথচ একটি দিনও সংসদের দুই কক্ষে স্বাভাবিক কাজ হয়নি। গতকালও সেই দৃশ্য অপরিবর্তিত। সংসদ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই গান্ধীমূর্তির সামনে কংগ্রেসসহ বিরোধীদের যেমন বিক্ষোভ সমাবেশ হয়, তেমনি সরকারপক্ষ পাল্টা বিক্ষোভ মিছিল করে বিজয় চক থেকে গান্ধীমূর্তি পর্যন্ত। কংগ্রেস সরকার ও প্রধানমন্ত্রীর ‘ঔদ্ধত্যের’ সমালোচনায় মুখর হয়। বিজেপিও তেমনি কংগ্রেসের আচরণের সমালোচনা করে বলে, লোকসভায় এই দলটার সদস্য সংখ্যা ৪৪-এ নেমে এলেও এখনো তাদের হুঁশ ফেরেনি।