বিজেপি-বিরোধী মমতার মহাসমাবেশে যোগ দেবে না কংগ্রেসসহ অন্য দলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়। রয়টার্স ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়। রয়টার্স ফাইল ছবি

বিজেপির বিরুদ্ধে লড়াই করতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২১ জুলাই শহীদ দিবসে কলকাতার মহাসমাবেশ থেকে তিনি এই ডাক দেন। সে সময় আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার জন্য নরেন্দ্র মোদিবিরোধী দলগুলো নিয়ে ফেডারেল ফ্রন্ট গঠনের কথা বলেছিলেন। আগামী ১৯ জানুয়ারি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ফের মহাসমাবেশের ডাক দিয়েছেন। তবে এতে কংগ্রেস, সিপিএম ও সিপিআই-সহ অন্য দলগুলো যোগ দেবে না বলে জানা গেছে।

অবশ্য মহাসমাবেশ সফল করতে মোদিবিরোধী রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মার্চ-এপ্রিলে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে বিজেপি মোকাবিলায় ফেডারেল ফ্রন্ট গঠন করার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তৃণমূল কংগ্রেস নেত্রী।

সেই লক্ষ্যে মমতা তেলেগু দেশম নেতা চন্দ্রবাবু নাউডু, টিআরএস নেতা চন্দ্রশেখর রাও, কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ফারুক আবদুল্লাহ, বিএসপি নেত্রী মায়াবতী, এসপি নেতা অখিলেশ যাদবসহ বহু নেতার সঙ্গে কথা বলেছেন ও বৈঠক করেছেন। ফারুক আবদুল্লাহ অবশ্য আগেই বলেছেন, মোদিবিরোধী জোট করতে কংগ্রেসকে চাই। কংগ্রেস ছাড়া মোদিবিরোধী জোট হতে পারে না। কারণ কংগ্রেস ভারতে দ্বিতীয় রাজনৈতিক শক্তি।

মোদিবিরোধী ফেডারেল ফ্রন্ট গঠন ও কলকাতার ব্রিগেড মহাসমাবেশে যোগ দেওয়ার আমন্ত্রণে এখনো সাড়া দেয়নি পশ্চিমবঙ্গের সিপিএম, সিপিআই ও জাতীয় কংগ্রেস নেতৃত্ব। তারা বলছে, মমতার ডাকা কলকাতার মহাসমাবেশে যোগ দেবে না। তবে মোদি ও ধর্মান্ধতার বিরুদ্ধে তাদের আন্দোলন দেশজুড়ে অব্যাহত থাকবে।

শনিবার পশ্চিমবঙ্গের মেদিনীপুরে একদলীয় সভায় সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘মমতা ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দালাল। তারা মমতার প্রস্তাবিত ফেডারেল ফ্রন্টে যোগ দেবে না। এমনকি তারা ১৯ জানুয়ারির কলকাতার ব্রিগেড মহাসমাবেশেও উপস্থিত থাকবে না।’

সূর্যকান্ত মিশ্র বলেন, ‘মমতা বিজেপি-আরএসএস’-এর দালাল বা এজেন্ট হিসেবে কাজ করছে। বিরোধী ঐক্য ভাঙতে চাইছে মমতা। তাই তার সঙ্গে ঐক্য নয়। বাম দলের যেসব কর্মী বিজেপি এবং তৃণমূলে চলে গেছেন, তাঁদের দলে ফিরে আসার আহ্বানও জানান সূর্যকান্ত মিশ্র।

ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস সুধাকর রেড্ডি বলেছেন, তাঁরা মমতার ডাকা কলকাতার ব্রিগেড মহাসমাবেশে যোগ দেবে না। যোগ দেবে না মমতার প্রস্তাবিত ফেডারেল ফ্রন্টেও। মমতার দল তৃণমূলের হাতে তাঁদের দলের বহু কর্মী নিগৃহীত হয়েছে। তাঁদের অফিস ভাঙচুর করা হয়েছে। এ পরিস্থিতিতে তাঁরা মমতার আমন্ত্রণ গ্রহণ করছে না।

এদিকে কংগ্রেসের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সোমেন মিত্র দিল্লিতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে বলেন, কলকাতায় মমতার ডাকা ১৯ জানুয়ারির মহাসমাবেশে যেন কংগ্রেস নেতৃত্ব কোনো প্রতিনিধি না পাঠায়। রাজ্য কংগ্রেসও মমতার প্রস্তাবিত ফেডারেল ফ্রন্ট ও কলকাতার ব্রিগেড সমাবেশে যোগদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।