বিজয় মালিয়া দেশ ছাড়েন কূটনৈতিক পাসপোর্টে!
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই জানিয়েছে, বিতর্কিত শত কোটিপতি ব্যবসায়ী বিজয় মালিয়া কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে দেশ ত্যাগ করেছেন। রাষ্ট্রীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের ঋণখেলাপি এ ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থনৈতিক অপরাধের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত শুক্রবার সমন জারি করে।
বিজয় মালিয়া জেট এয়ারওয়েজের ফার্স্ট ক্লাসে করে ২ মার্চ ভারত থেকে লন্ডনে চলে যান বলে সূত্র জানায়। বিরোধী রাজনীতিকেরা অভিযোগ করেন, অভিযোগ তদন্তকারী সিবিআই কর্তৃপক্ষ সতর্কতার বিজ্ঞপ্তি শিথিল করাতেই তাঁর দেশ ছাড়া সম্ভব হয়। এর জবাবে সিবিআই বলেছে, আসলে সংস্থাটির কনিষ্ঠ এক কর্মকর্তার ‘অসাবধানতাবশত ভুলের’ কারণেই মালিয়াকে আটক করার নোটিশ যায়। অভিবাসন কর্মকর্তারা পরে ব্যাখ্যা চাইলে তা সংশোধন করা হয়।
এ প্রেক্ষাপটে সিবিআইয়ের এক সূত্র জানায়, কর্ণাটক থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য ব্যবসায়ী বিজয় মালিয়া ঘনঘন বিদেশ যাতায়াত করেন। এ কাজে তিনি কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে থাকেন।
অর্থ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থ তছরুপের অভিযোগের জবাব দিতে ১৮ মার্চ বিজয় মালিয়াকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গত সোমবার মামলা হয় বিজয় মালিয়ার বিরুদ্ধে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা কয়েক দিন আগে মালিয়ার দেশত্যাগ ঠেকানোর নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। সেদিনই খবর পাওয়া যায়, তিনি ইতিমধ্যে ভারত ছেড়েছেন।