বিতর্ক অবসানে ডিএনএ পরীক্ষা করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিতা পাফ
অনিতা পাফ

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১১৯তম জন্মবার্ষিকীতে গত শনিবার তাঁর বিষয়ে গোপন সরকারি নথি প্রকাশ করাকে স্বাগত জানিয়েছেন মেয়ে অনিতা পাফ। তবে দীর্ঘ ৭০ বছরেও বাবার মৃত্যুরহস্য নিয়ে বিতর্কের অবসান না হওয়ায় তাঁর দেহভস্ম থেকে ডিএনএ পরীক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। খবর দ্য হিন্দুর।
নেতাজির স্ত্রী এমিলি শেংকেলের ‘পক্ষ থেকে’ এ আহ্বান জানিয়ে অনিতা পাফ (৭৩) বলেন, ডিএনএ পরীক্ষাতেই কেবল সুভাষচন্দ্রের মৃত্যুরহস্য নিয়ে বিতর্কের সুরাহা হতে পারে। ভারতের অন্যতম শীর্ষ এই স্বাধীনতাসংগ্রামীর দেহভস্ম জাপানের রেনকোজি মন্দিরে সংরক্ষিত রয়েছে বলে ধারণা করা হয়।
জার্মানির অগসবার্গে বসবাসকারী অনিতা পাফ দ্য হিন্দুকে বলেন, ‘এসব নথিতে তাঁর সম্পর্কে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ তথ্য আছে; নইলে ৭০ বছরের বেশি সময় কেন এগুলো অপ্রকাশিত রাখা হবে।’ অনিতা বলেন, তাঁর বাবা ১৯৪৫ সালে এক বিমান দুর্ঘটনায় মারা গেছেন বলে যে ধারণা প্রচলিত আছে, তা তিনি বিশ্বাস করেন। তাঁর মতে, এর পক্ষে এক শ ভাগ নিশ্চিত সাক্ষ্যপ্রমাণ নেই। তবে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ, পরিস্থিতিটাই ছিল অনিশ্চিত।