বিতর্ক উঠলেও ঢিলেমি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  অজিত দোভাল
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

মিয়ানমার অভিযান নিয়ে বিতর্ক উঠলেও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার ‘অ্যাক্ট ইস্ট সামরিক নীতিতে’ কোনো ঢিলেমি দিতে রাজি নয়। বরং মিয়ানমার সরকারের সঙ্গে যৌথভাবে এ ধরনের আরও অভিযানের পরিকল্পনা নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শিগগিরই সে দেশে যাচ্ছেন। মিয়ানমারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত গৌতম মুখোপাধ্যায় এই সামরিক সহযোগিতা নিয়ে ইতিমধ্যে সে দেশের সরকারের সঙ্গে কথা বলেছেন। সরকারি সূত্রে গতকাল বৃহস্পতিবার এ খবর জানা গেছে।
উত্তর-পূর্ব ভারতের মণিপুরের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা সম্প্রতি ভারতীয় সেনাদের গাড়িবহরে আক্রমণ করে ১৮ সেনাকে হত্যা করে। তাদের দমন করতে গত মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা মিয়ানমারের সীমান্তবর্তী জঙ্গলে ঢুকে অভিযান চালায়। সেনারা জঙ্গিদের দুটি শিবির গুঁড়িয়ে দেয়। অল্প সময়ের কিন্তু কার্যকর এই আক্রমণে জঙ্গিদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ভারতের দাবি।
মিয়ানমার সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেই যে এই অভিযান, ভারতের সেই দাবি মিয়ানমার সরকারও স্বীকার করেছিল। কিন্তু এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে মিয়ানমারের সেনা সমর্থনপুষ্ট সরকার বুধবার দাবি করে, ভারতীয় বাহিনী তাদের সীমানাতেই অভিযান চালিয়েছে, মিয়ানমারের মাটিতে নয়। এ কথা বললেও অজিত দোভালের সফর এবং ভারতের সঙ্গে সহযোগিতা নিয়ে তারা কোনো মন্তব্য করেনি।
মিয়ানমারে ভারতীয় বাহিনীর এই অভিযান নানা ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ও প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরের মন্তব্যের পিঠে পাকিস্তান তাদের মনোভাব স্পষ্ট করেছে। সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলি খান বুধবার বলেন, ভারতের মনে রাখা উচিত, পাকিস্তান মোটেই মিয়ানমার নয়। সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ গতকাল বলেছেন, ‘পাকিস্তান পরমাণু শক্তিধর রাষ্ট্র। ভারত জেনে রাখুক, ওই অস্ত্র আমরা শবে বরাতে ফাটাব বলে তৈরি করিনি।’
সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও ‘উপযুক্ত জবাব’ দেওয়ার আরজি জানিয়েছেন। তবে শুধু বাগাড়ম্বরই নয়, গতকাল জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে পাকিস্তানের সেনারা বেশ কয়েকবার গুলি চালায়। ভারতীয় সেনারা তার জবাবও দেয়।
ভারতের মিয়ানমার অভিযান নিয়ে দেশে বিরূপ সমালোচনা কেউ করেনি। তবে অভিযানের পর যেভাবে তার প্রচার চালানো হচ্ছে এবং মন্ত্রীরা যা বলছেন, তার সমালোচনায় বিরোধীরা মুখর। জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, মন্ত্রীরা আত্মঘাতী গোল দিচ্ছেন। কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মা বলেছেন, প্রধানমন্ত্রীর উচিত মন্ত্রীদের মুখে রাশ টানা। ভারতের অবসরপ্রাপ্ত সেনাধ্যক্ষ শঙ্কর রায়চৌধুরী এই অভিযান ও বিতর্ক সম্পর্কে গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিশেষ অভিযান সব সময়েই বিশেষ। এ নিয়ে ঢাক পেটানো উচিত নয়। তবে এ ক্ষেত্রে মনে হচ্ছে, সরকার ইচ্ছে করেই তার মনোভাবটা প্রতিবেশীদের কাছে স্পষ্ট করে দিতে চাইছে। বোঝাতে চাইছে, তোমার ঘরে ঢুকে পিটিয়ে আসার ক্ষমতা আমার আছে। অতএব সাবধান। এটা সরকারের নীতি। ঠিক না ভুল তা ভবিষ্যৎ বলবে।’
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানায়, গত মঙ্গলবার রাত তিনটা থেকে পৌনে এক ঘণ্টা ধরে তাদের সেনাবাহিনী এ অভিযান চালায়। এতে ‘উত্তর-পূর্ব ভারতের অনেক জঙ্গি’ নিহত হয়েছে।অভিযানে বিমানবাহিনী হেলিকপ্টার ও ড্রোন দিয়ে (চালকবিহীন বিমান) সহায়তা দেয়।
গত দুই দশকে মণিপুরে আর এত বড় জঙ্গি হামলার শিকার হয়নি সেনাবাহিনী। এ ছাড়া নিজের সীমান্ত পেরিয়ে প্রতিবেশী মিয়ানমারে এ অভিযান চালানোর ঘটনাও ভারতের জন্য এটাই প্রথম।