বিতর্কিত জমি বিলের পক্ষে আবার ওকালতি নরেন্দ্র মোদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীতি আয়োগের বৈঠকে জমি অধিগ্রহণ বিলের প্রয়োজনীয়তা বড় করে তুলে ধরলেও কাজের কাজ কিছুই হলো না। কারণ, সারা দেশে নয়টি কংগ্রেসশাসিত রাজ্য ছাড়াও পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তর প্রদেশ ও ওডিশার মুখ্যমন্ত্রীরা গতকাল বুধবারের এই সম্মেলনে গরহাজির ছিলেন। বিহার, ত্রিপুরা ও দিল্লির মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকলেও জানিয়ে দিয়েছেন, তাঁরা জমি অধিগ্রহণ বিল সমর্থন করবেন না।
জমি অধিগ্রহণ বিল এই মুহূর্তে সংসদের যুগ্ম কমিটিতে বিবেচনাধীন। সেখানে সরকারের চাহিদা অনুযায়ী ঐকমত্য হওয়ার সম্ভাবনা খুব কম। সে ক্ষেত্রে এই বিল পাস করাতে হলে সরকারের কাছে সংসদের যৌথ অধিবেশন ডাকা ছাড়া অন্য কোনো উপায় নেই। সে কারণেই মোদি চেয়েছিলেন, নীতি আয়োগের এই বৈঠককে কাজে লাগাতে, যেখানে সব মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
নিজের সরকারি বাসভবনে ডাকা এই সম্মেলনে জমি অধিগ্রহণ বিলের প্রয়োজনীয়তার খুঁটিনাটি প্রধানমন্ত্রী বড় করে তুলে ধরেন। বৈঠকের পর আইনমন্ত্রী অরুণ জেটলি সংবাদমাধ্যমকে জানান, ইউপিএ আমলে যে বিলটি পাস করা হয়েছিল, তা বাস্তবায়ন করে জমি অধিগ্রহণ সম্ভব হচ্ছিল না। এর ফলে বিশেষ করে গ্রামাঞ্চলের উন্নয়ন ব্যাহত হচ্ছিল। বহু রাজ্যের মুখ্যমন্ত্রী সেই অসুবিধার কথা নতুন সরকারকে জানান। সেই কারণেই এই বিল।
বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, জমি অধিগ্রহণ বিলে রাজনীতিকদের ঐকমত্য না হওয়ায় গ্রামের মানুষেরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাজনৈতিক বিরোধিতার কারণে রাস্তা, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্র, সেচ প্রকল্প ও গরিবদের জন্য বাড়ি তৈরির কাজে হাত দেওয়া যাচ্ছে না। এতে ক্ষতি হচ্ছে গ্রামের গরিব মানুষেরই। মুখ্যমন্ত্রীদের উদ্দেশ করে মোদি বলেন, অন্ধ বিরোধিতার রাস্তা ছেড়ে বাস্তববাদী হয়ে এই বিলকে সমর্থন করুন। অনুপস্থিত মুখ্যমন্ত্রীদের উদ্দেশ করে আইনমন্ত্রী জেটলি বলেন, যাঁরা নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন তাঁরা ভেবে দেখুন, এই আচরণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে উপযুক্ত কি না। জেটলি জানান, মুখ্যমন্ত্রীদের কেউ কেউ বৈঠকে বলেন, হয় সরকার এই বিলে ঐকমত্য আনতে সচেষ্ট হোক, না হলে রাজ্যগুলোতে জমি অধিগ্রহণে নিজস্ব আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হোক।
জমি অধিগ্রহণ বিল নিয়ে বিরোধীরা এখনো এককাট্টা। সব কংগ্রেস মুখ্যমন্ত্রী এই কারণেই গতকালের বৈঠক বয়কট করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি অন্য কাজ থাকার কথা বলে। একই ওজর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব, তামিলনাড়ুর জয়ললিতা ও ওডিশার নবীন পট্টনায়কের। ললিত মোদি কেচ্ছার পর এই প্রথম রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও প্রধানমন্ত্রী মোদি মুখোমুখি হলেন। তবে তাঁদের আলাদা কথা হয়নি।
এদিকে জমি বিল নিয়ে এই জটিলতায় ২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করবেন বলে জানিয়েছেন প্রবীণ গান্ধীবাদী নেতা আন্না হাজারে।