বিতর্কিত ফরম পূরণ করেননি সোনিয়া দাবি কংগ্রেসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কংগ্রেস দল দাবি করেছে, চুল, চোখের রং বা জুতার মাপের মতো তথ্য থাকে পুলিশের এমন কোনো ফরম কখনোই পূরণ করেননি তাদের সভাপতি সোনিয়া গান্ধী। তবে কংগ্রেস এ দাবি করলেও সোনিয়ার পক্ষ থেকে পূরণ করা একটি ফরমের সন্ধান পাওয়া গেছে। খবর এনডিটিভির।
সম্প্রতি নয়াদিল্লি পুলিশ কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে ওই ধরনের তথ্য সংগ্রহের চেষ্টা করলে বিতর্ক শুরু হয়। পুলিশের ওই তৎপরতার তীব্র সমালোচনা করে কংগ্রেসসহ বিরোধী দলগুলো। এ নিয়ে গত সোমবার পার্লামেন্টে বিরোধী দলগুলোর সমালোচনার জবাবে অর্থমন্ত্রী অরুণ জেটলি দৃঢ়ভাবেই বলেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) নিরাপত্তার জন্য তাঁদের ব্যক্তিগত তথ্যসংবলিত এমন ফরম পূরণের রীতি অনেক পুরোনো। অতীতে সোনিয়াসহ গুরুত্বপূর্ণ নেতাদের তথ্য সংগ্রহ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তবে সরকারের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওই দিনই কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন, সোনিয়া বা রাহুল গান্ধী এমন কোনো ফরম কোনো দিনই পূরণ করেননি। সরকার ভুল তথ্য দিয়েছে।
তবে এনডিটিভি ১৯৯৮ সালে সোনিয়া গান্ধীর পক্ষ থেকে পূরণ করা একটি ফরম পেয়েছে। সেখানে আছে, ‘সোনিয়া হিন্দি, ইংরেজি এবং ইতালীয় ভাষায় কথা বলেন। তিনি চশমা ব্যবহার করেন এবং শাড়ি পরেন।’
অমিতের টাক, সুষমার সাধারণ কেশবিন্যাস: ভারতের ভিআইপিদের নিরাপত্তার জন্য তাঁদের ব্যক্তিগত তথ্যসংবলিত ওই ফরমে অনেক মজার তথ্য থাকে। ২০০৯ সালে হালনাগাদ করা তথ্য অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির পছন্দের পোশাক ধুতি ও কুর্তা।
বিজেপির সভাপতি অমিত শাহ-সংক্রান্ত তথ্য এ বছর থেকেই নেওয়া শুরু হয়েছে। ফরমে লেখা আছে, তাঁর মাথায় টাক আছে, দাড়ি-গোঁফ আছে। তিনি পরেন কুর্তা ও পাজামা। ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কেশবিন্যাস বেশ সাধারণ।
ভূমি বিলের প্রতিবাদে মিছিল: এদিকে বিতর্কিত ভূমি অধিগ্রহণ বিল বাতিলের দাবিতে গতকাল পার্লামেন্ট ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত বিরোধী দলের সাংসদেরা মিছিল বের করেন। এতে নেতৃত্ব দেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। প্রায় আধা কিলোমিটারের এই পথে সোনিয়ার সঙ্গে ছিলেন এক শর বেশি সাংসদ।