বিতর্কে নেমে চুপসে গেলেন রাহুল

বিতর্ক পিছু ছাড়ছে না ভারতে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর। সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে আলোচনার দাবিতে একসময় সরব রাহুল এবার পার্লামেন্ট নীরবে বসে থেকে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন। বিতর্কে নেমে হঠাত্ তাঁর এই চুপসে যাওয়া কেউ ভালোভাবে মেনে নিতে পারছে না।
গতকাল শুক্রবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে আলোচনার দাবিতে সম্প্রতি রাহুল সদলে লোকসভার ‘ওয়েলে’ নেমে এসে সবাইকে অবাক করে দিয়েছিলেন।
অথচ সেই রাহুলকেই সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে বিতর্কের দ্বিতীয় দিন পার্লামেন্টে চুপচাপ বসে থাকতে দেখা যায়। একই দৃশ্য লক্ষ করা গেছে গত বৃহস্পতিবার।
রাহুলের এমন আচরণে দলের ভেতর থেকেই সমালোচনা উঠেছে। লোকসভায় কংগ্রেসদলীয় এক সদস্য নাম প্রকাশ না করে বলেন, ‘আমি জানি না, কেন তিনি কথা বললেন না। দল চাইছিল তিনি কথা বলুন। তাঁকে বারবার মাইক নেওয়ার জন্য বলা হচ্ছিল।’
কংগ্রেসদলীয় আরেক পার্লামেন্ট সদস্যও রাহুলের এই ভূমিকায় অবাক হয়েছেন। তিনি জানান, কংগ্রেসের সহসভাপতি বক্তৃতা প্রস্তুত করেছিলেন বলে মনে হয়েছে।
রাহুলের এ ধরনের আচরণ দলের পার্লামেন্ট সদস্যরা হতাশ হয়েছেন। একজন তরুণ পার্লামেন্ট সদস্য বলেন, ‘কেউ জানে না তাঁর (রাহুল) মতো এমন একজন তীক্ষ মানুষ এমন পরিস্থিতিতে কেন সংকুচিত হয়ে গেলেন!’
সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে আলোচনার দাবিতে চলতি মাসের ৬ আগস্ট রাহুল সদলবলে লোকসভার ওয়েলে নেমে আসেন। স্পিকারের বিরুদ্ধে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ তোলেন তিনি। কংগ্রেসের এই হুলস্থুল কাণ্ডে ওই দিন দুবার লোকসভার অধিবেশন মুলতবি হয়ে যায়।
লোকসভায় রাহুলের এই আগ্রাসী ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।
লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর সোনিয়া ও রাহুলের নেতৃত্ব নিয়ে দলের একাংশে নানা প্রশ্ন উঠেছে। কেউ বলছেন, সোনিয়া ও রাহুলের উচিত বছর দুয়েক রাজনীতি থেকে ছুটি নেওয়া। আবার কেউ বলছেন, নেতৃত্বের উচিত নিচুতলার কর্মীদের কথা শোনা। কেউ কেউ আবার সরাসরি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে দায়িত্ব নেওয়ার কথা বলছেন। এই অস্বস্তি ও অনাস্থা থেকে বাঁচতেই পার্লামেন্টে রাহুল অমন আগ্রাসী ভূমিকা নিয়েছিলেন বলে অনেকে ধারণা করছিলেন। তবে সর্বশেষ ঘটনায় রাহুল আরেক দফায় দলের পাশাপাশি নিজেকেও ডোবালেন।