আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদিকে ৯ জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) সামনে হাজিরা দিতে বলা হচ্ছে। সরকার চাইছে, ললিতকে দেশে ফিরিয়ে এনে তদন্ত শুরু করে এই বিতর্ক বন্ধ করতে, যাতে ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন বিরোধীরা বানচাল করতে না পারে। জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পক্ষে সরকার, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ দাঁড়ালেও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সম্পর্কে তাঁরা নীরব। তাঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাঁর লড়াই তাঁকেই লড়তে হবে। বসুন্ধরার সাংসদ পুত্র দুষ্মন্তের কোম্পানির শেয়ার কেনার নামে ললিতের কোটি কোটি টাকা হাতবদলের বিষয়টিও ইডি তদন্ত করছে।
বস্তুত, বসুন্ধরাকে নিয়েই বিজেপি বেশি বিব্রত। গতকাল শুক্রবার পাঞ্জাবের আনন্দপুর সাহিবে এক অনুষ্ঠানে বিজেপি সভাপতি অমিত শাহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বসুন্ধরারও থাকার কথা ছিল। কিন্তু তাঁকে সেখানে যেতে বারণ করে দেন অমিত শাহ। তবে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী গতকাল বলেন, বসুন্ধরা সম্পর্কে ললিত মোদির অভিযোগ ধ্রুব সত্য বলে কেন ধরে নেওয়া হচ্ছে? তা ছাড়া দুষ্মন্তের সংস্থায় ললিতের টাকা লগ্নির অভিযোগে বসুন্ধরাকে দায়ী করা ঠিক নয়। অর্থাৎ, বসুন্ধরার সঙ্গে দুষ্মন্তের পার্থক্য সৃষ্টি করে মুখ্যমন্ত্রীকে বাঁচানোর একটা চেষ্টা চলছে। বিজেপি সূত্রের খবর, ২১ তারিখে আন্তর্জাতিক যোগ দিবস পর্যন্ত ললিত বিতর্কে দল বা সরকার কোনো সিদ্ধান্ত নেবে না।
কংগ্রেস অবশ্য চাপ সৃষ্টি করেই যচ্ছে। তাদের প্রশ্ন, যে প্রধানমন্ত্রী সব কিছুতেই টুইট করেন, দুর্নীতির বিরুদ্ধে এত কথা বলেন, এত বড় ঘটনা সত্ত্বেও এখনো তিনি কেন নীরব?
ললিত মোদিকে ভিসা দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধানমন্ত্রীও জড়িত বলে কংগ্রেসের অভিযোগ। দলের মুখপাত্র টম বরাক্কম বলেছেন, ললিত মোদির পাসপোর্ট ফেরত দেওয়া, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে না যাওয়া, অথবা ব্রিটিশ সরকারকে ভিসা দেওয়ার অনুরোধ—সবকিছুই হয়েছে প্রধানমন্ত্রীর জ্ঞাতসারে।
অবশ্য জবাবে বিজেপিও পিছিয়ে নেই। গুজরাটের কংগ্রেস নেতা শঙ্করসিন বাঘেলার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। হিমাচল প্রদেশের কংগ্রেস মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের বিরুদ্ধেও নতুন করে সিবিআই মামলা শুরু করেছে। রাজনৈতিক মহলের ধারণা, শিগগিরই কংগ্রেসের শীর্ষ স্তরের কারও কারও বিরুদ্ধেও সরকার তদন্তের নির্দেশ দিয়ে দলকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলতে পারে।