বিদেশিদের কাছে ভাবমূর্তি রক্ষার চেষ্টা বিজেপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগৎ প্রকাশ নাড্ডা
ফাইল ছবি

ভারতের শাসক দল বিজেপি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট। সেই জন্য এই প্রথম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার বিজেপি সদর দপ্তরে ১৩টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। কাল বিকেল চারটায় সেই অনুষ্ঠানে দূতদের সঙ্গে আলোচনায় বসবেন দলের সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, সহসভাপতি বৈজয়ন্ত জয় পান্ডা এবং দলের পররাষ্ট্রবিষয়ক কর্তা বিজয় চৌথাইয়ালে।

ওই আলাপচারিতায় অন্য রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে যোগ দেবেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরানও। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা, পর্তুগাল, সুইজারল্যান্ড, পোল্যান্ড, রোমানিয়া, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, ইতালি, হাঙ্গেরি, ভিয়েতনাম ও নরওয়ের রাষ্ট্রদূতেরা। বিজেপির পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, কূটনীতিকদের কাছে নাড্ডা বিজেপির ইতিহাস, আদর্শ, নীতি, লক্ষ্য , সংগ্রাম ও দেশ গড়তে দলের অবদান ব্যাখ্যা করার পাশাপাশি যাবতীয় প্রশ্নের জবাব দেবেন।

বিদেশিদের কাছে দলের আদর্শ ও লক্ষ্য তুলে ধরার প্রচেষ্টা বিজেপিতে এই প্রথম। মাত্র কদিন আগে ভারত সফরের সময় নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে বিজেপি সভাপতি নাড্ডা দলীয় সদর দপ্তরে আমন্ত্রণ জানিয়েছিলেন। এবার ডাকা হচ্ছে বিদেশি রাষ্ট্রদূতদের। নাড্ডা এই প্রসঙ্গে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দল সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রের অনেক ভ্রান্ত ধারণা থাকতে পারে। এই আলাপচারিতার উদ্দেশ্য সেই ভ্রান্তি দূর করা। তিনি স্বীকার করেন, কংগ্রেস ও ভারতের দুই কমিউনিস্ট পার্টি অনেক বছর ধরে দলীয় সম্মেলনে বিদেশি রাষ্ট্রগুলোকে আমন্ত্রণ জানিয়ে আসছে। বিজেপি এই প্রথম সেই পদক্ষেপ নিতে চলেছে সঠিক ভাবমূর্তি গড়ার তাগিদে। নাড্ডা বলেন, অনেক অসত্য প্রচার হয়ে আসছে। ফলে রাষ্ট্রদূতদের মনে অনেক প্রশ্ন জমা থাকতে পারে। সামনা সামনি খোলামেলা আলাপচারিতায় তা দূর করা সম্ভব। সেই জন্যই এই উদ্যোগ। তিনি বলেন, এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘বিজেপিকে জানুন’।

নরেন্দ্র মোদি ক্ষমতাসীন হওয়ার পর বিভিন্ন বিষয়ে ভারত সম্পর্কে বিশ্বে ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি), সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জম্মু–কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে বিশেষ অধিকার হরণের অভিযোগসহ সংখ্যালঘুদের অধিকার নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। জন্ম নিয়েছে বহু সংশয়ও। বিশেষ করে মুসলিম বিশ্বসহ বেশ কিছু পশ্চিমা দেশে। সেসব ধারণা বদলের এটা একটি সচেতন প্রচেষ্টা। তবে যে ১৩ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন, তাঁদের মধ্যে একমাত্র বাংলাদেশই মুসলমানপ্রধান দেশ। সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিএএর যৌক্তিকতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছিলেন। সংযুক্ত আরব আমিরাত সফরের সময় ২০২০ সালের জানুয়ারি মাসে তিনি বলেছিলেন, ‘আমরা বুঝছি না, (ভারত সরকার) এটা কেন করল। এর কোনো প্রয়োজন ছিল না।’