বিদেশে লগ্নি আইনসম্মত কি না তদন্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানামা পেপারসে যেসব ভারতীয় নাগরিকের নাম এসেছে, তাঁরা বিদেশে বেআইনিভাবে অর্থ মজুত করেছেন কি না, তা তদন্ত করে দেখা হবে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন গতকাল মঙ্গলবার মুম্বাইয়ে এ কথা বলেন।
পানামা পেপারসের খবর জানাজানি হওয়ার পর গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই সর্বাত্মক তদন্তের নির্দেশ দেন। অর্থমন্ত্রী অরুণ জেটলি সেই খবর জানিয়ে বলেন, একাধিক সংস্থাকে এই তদন্তের কাজে লাগানো হবে। সেই সংস্থাগুলোর মধ্যে থাকছে রিজার্ভ ব্যাংক, সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস এবং ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দক্ষ তদন্তকারী কর্মকর্তারা। অন্তত ৫০০ বিশিষ্ট ভারতীয় নাগরিকের নাম পানামা পেপারসে এসেছে, যাঁদের মধ্যে শিল্পপতিসহ নামকরা অভিনেতা-অভিনেত্রীরাও আছেন।
চলতি অর্থবছরের প্রথম দ্বিমাসিক নীতি গতকাল মঙ্গলবার ঘোষণা করা হয়। সেই অনুষ্ঠানের পর রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন বলেন, বিদেশে লগ্নির সংগত কারণও থাকতে পারে। রিজার্ভ ব্যাংককে দেখতে হবে, সেই লগ্নি আইনসম্মত কি না। তিনি বলেন, ‘অবশ্যই আমরা তদন্তকারী দলে থাকছি। তবে এটা বোঝা দরকার যে বিদেশে বৈধ অ্যাকাউন্টও থাকতে পারে।’
বৈধ অ্যাকাউন্ট কীভাবে থাকতে পারে, রাজন তা-ও জানান। তিনি বলেন, সরকারের লিবারালাইজড রেমিট্যান্স স্কিম (এলএসআর) রয়েছে। এই নিয়ম অনুযায়ী যেকোনো প্রাপ্ত বা অপ্রাপ্তবয়স্ক ভারতীয় এক আর্থিক বছরে আড়াই লাখ মার্কিন ডলার পাঠাতে পারেন। সেই লগ্নি কারেন্ট বা ক্যাপিটাল অ্যাকাউন্ট অথবা দুটিতেই একযোগে হতে পারে। এখন যেটা দেখার তা হলো, পানামা পেপারসে যে লগ্নির কথা বলা হয়েছে, তা বৈধ না অবৈধভাবে করা হয়েছে।
অনুষ্ঠানে রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হারুন রশিদ খান বলেন, তদন্তে জানা যাবে কোনটা আইনত সিদ্ধ, কোনটা নয়।