বিদ্যালয়ে অভিন্ন পোশাক রীতি চালুর নির্দেশ মমতার
গত রোববার পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সব বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অভিন্ন পোশাকবিধি চালু করার বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতার পছন্দের রং নীল-সাদা হবে সব বিদ্যালয়ের পোশাকের রং। এ নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে। এ নির্দেশের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বাম ছাত্রসংগঠন এসএফআই গতকাল সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা করেছে। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হওয়ার কথা।
পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ও সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো অভিন্ন পোশাকবিধি ছিল না। বিভিন্ন বিদ্যালয় তাদের নিজস্ব পোশাকরীতি অনুসরণ করে আসছিল। যুগ যুগ ধরে সেসব পোশাক পরেই শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসত। তবে রোববার এসব বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নতুন করে পোশাকবিধি চালুর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সব শিক্ষার্থীর পোশাকের রং নীল–সাদা করার নির্দেশ দেওয়া হয়েছে।
শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীকে বিনা মূল্যে দুই সেট পোশাক দেওয়ার ঘোষণা দিয়েছে মমতা সরকার। শুধু তা–ই নয়, নির্দেশনায় বলা হয়েছে—এখন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববাংলা লোগোযুক্ত ব্যাজ পরতে হবে। লোগোটি রাজ্যের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প প্রসারের জন্য নিজের হাতে এঁকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। এত দিন রাজ্যের প্রতিটি সরকারি ও সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত বিদ্যালয়ের নিজস্ব লোগো ছিল। এবার আর সেই লোগো চলবে না। অভিন্ন লোগো চালু হবে সব বিদ্যালয়ে।
রাজ্য সরকারের এসব সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বাম ছাত্রসংগঠন এসএফআই গতকাল একটি জনস্বার্থ মামলা করেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে এ মামলা হয়েছে।
মামলার আবেদনকারীরা প্রশ্ন তুলেছেন, কেন সব বিদ্যালয়ের পোশাকের সরকারি রং হবে? যুগ যুগ ধরে বিভিন্ন বিদ্যালয় তাদের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আলাদাভাবে নিজস্ব পোশাকবিধি বজায় রেখেছে। আজ কেন সেসব বিদ্যালয় তাদের অতীত ঐতিহ্য হারাবে? মামলার আবেদনকারীরা রাজ্য সরকারের এ নির্দেশ স্থগিত করার আবেদন জানিয়েছেন।
রাজ্যের অনেক বিদ্যালয়ের কর্তৃপক্ষও এ বিধির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। কলকাতার ঐতিহ্যবাহী কমলা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা সাংবাদিকদের বলেন, ‘পোশাকে বৈচিত্র্য থাকা ভালো। আমাদের দেশটিও বৈচিত্র্যে ভরা। সব শ্রেণি এবং সব স্কুলে একই রঙের পোশাক হলে বৈচিত্র্য হারাবে। কারণ, পোশাকের সঙ্গে রয়েছে প্রতিটি স্কুলের ঐতিহ্য ও আবেগ। তাই একই ধরনের পোশাক মেনে নেওয়া যায় না।’
এদিকে পশ্চিমবঙ্গ সরকারের এ নতুন পোশাকবিধির বিরুদ্ধে কথা বলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও। ক্ষোভ জানিয়ে তিনি বলেছেন, নীল–সাদা মানে তো তৃণমূল, নীল–সাদা মানে তো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোনো দিন পোশাকে তৃণমূল কংগ্রেসের প্রতীক ঘাসফুল ব্যবহার করলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।
উল্লেখ্য, নীল–সাদা রং মুখ্যমন্ত্রী মমতার খুব প্রিয় রং হিসেবে পরিচিত। তিনি এর আগে এ রংকে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে রাজ্যের সব স্কুল, কলেজ, অফিস–আদালত এবং রাস্তাঘাটও নীল–সাদা করার নির্দেশ দিয়েছিলেন। রাজ্য সরকার এ কথাও বলেছিল, যেসব স্কুল–কলেজ এবং সরকারি দপ্তর, এমনকি বেসরকারি বাড়িঘরের রং নীল–সাদা হবে, তাদের এক বছরের জন্য পৌর কর দিতে হবে না। এ ঘোষণায় তখন অনেকেই নিজেদের বাড়ি নীল–সাদা করে নিয়েছিলেন।