বিধবা নারীদের জন্য মুখ্যমন্ত্রীর উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ছবি: টুইটার
মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ছবি: টুইটার

বিধবা নারীদের জন্য অভিনব প্রকল্প হাতে নিয়েছে ভারতের মণিপুর রাজ্য সরকার। যাঁদের স্বামী মারা গেছেন, তাঁরা এখন থেকে প্রতিবছর সরকার থেকে চিকিৎসার খরচ পাবেন। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, বোনদের জন্য এটাই তাঁর উপহার।

গোটা মণিপুর এখন মেতে উঠেছে নিঙ্গল চাকুবা উৎসবে। মণিপুরি শব্দ ‘নিঙ্গল’, এর অর্থ নারী। চাকুবা মানে ভাত খাওয়ার আমন্ত্রণ। গোটা রাজ্যে এখন উদ্‌যাপিত হচ্ছে এই উৎসব। উৎসবের অঙ্গ হিসেবে বিবাহিত নারীরা তাঁদের সন্তান নিয়ে পৈতৃক বাড়িতে বেড়াতে আসেন। অবিবাহিত নারীরা অবশ্য বাড়িতে থেকেই ভাইদের মঙ্গল কামনায় উদ্‌যাপন করেন বিশেষ ব্রত। ভাইবোনের বন্ধন আরও অটুট রাখতেই এই উৎসব।

এবারে গোটা রাজ্যে বেশ বর্ণিলভাবে উদ্‌যাপিত হচ্ছে দিনটি। ঘরে ঘরে বোন আসা উপলক্ষে বিভিন্ন রকম ভোজনের বন্দোবস্তের পাশাপাশি হচ্ছে উপহার প্রদানের পালা।

এক টুইটার বার্তায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানান, রাজ্যে যেসব বোনের স্বামী মারা গেছেন, তাঁদের জন্য উপহার ‘সিএম গি লাইয়েন সেন’। এর অর্থ হলো—বোনেদের প্রতি মুখ্যমন্ত্রী উপহার।

প্রকল্প অনুযায়ী, বিধবা নারীরা চিকিৎসার খরচ বাবদ বছরে ১৫ হাজার রুপি পর্যন্ত সরকারি সহায়তা পাবেন। এটি পেতে তাঁদের চিকিৎসা খরচের বিল প্রদান করতে হবে।

মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, বিধবা নারীরা যাতে সমাজে মাথা উঁচু করে আত্মসম্মানের সঙ্গে বাঁচতে পারেন, সেটা মাথায় রেখেই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।