বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় এগিয়ে বিজেপি
গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে কে জয়ী হবেন? ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের এমন জনমত সমীক্ষায় এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশিত সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, বিধাসভার এ নির্বাচনে বিজেপি পাবে ৪৮ শতাংশ ভোট আর বিরোধী দল কংগ্রেস পাবে ৩৮ শতাংশ ভোট।
ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল এবং পণ্য ও পরিষেবা কর বা জিএসটি চালুর পর এই প্রথম বিধানসভার নির্বাচন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট এবং হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের বিধানসভার ৬৮টি আসনে ভোট হবে আগামী ৮ নভেম্বর এবং গুজরাটের ১৮২টি আসনে ভোট হবে দুই দফায়—আগামী ৯ ও ১৪ ডিসেম্বর। এই নির্বাচনে কারা জিততে পারে, তা–ই নিয়ে জনসমীক্ষা চালায় ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস। গত ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত গুজরাটের ১৮ হাজার ২৪২ জন ভোটারের মতামত গ্রহণ করা হয় এই সমীক্ষায়।
এতে দেখা যায়, গুজরাটের ১৮২টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে ১১৫-১২৫টি আসনে। সেই হিসাবে কংগ্রেস জিতবে ৫৭-৬৫টি আসনে। অন্যদিকে হিমাচল প্রদেশের ৬৮টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৪৩-৪৭টি আসন। আর কংগ্রেস ২১-২৫টি আসন। হিমাচল প্রদেশে এখন কংগ্রেস এবং গুজরাট বিজেপির ক্ষমতায় রয়েছে।
সমীক্ষায় এ কথাও বলা হয়, নোট বাতিল এবং জিএসটি চালুর কোনো প্রভাব পড়বে না আসন্ন এই বিধানসভা নির্বাচনে। বরং ২০১২ সালের নির্বাচনের চেয়ে বিজেপি ভালো ফল করবে। ২০১২ সালে গুজরাটে ১১৫টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস জয়ী হয় ৬১টি আসনে। সমীক্ষায় এ কথাও বলা হয়, মুখ্যমন্ত্রী পদে গুজরাটে জনপ্রিয় বিজেপির বিজয় রুপানি। দ্বিতীয় পছন্দের তালিকায় রয়েছেন কংগ্রেসের শক্তি সিং গোহিল।
সমীক্ষায় বলা হয়, এই নির্বাচনে পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলের সংগঠন একটি আসনেও জয়ী হতে পারবে না।