টানা নয় দিন তুমুল সংঘর্ষের পর ভারত-পাকিস্তানের জম্মু সীমান্ত আপাতত মোটের ওপর শান্ত। শুক্র ও শনিবার জম্মুর পুঞ্চ জেলার কিটনি এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর হালকা অস্ত্রের গুলির আওয়াজ শোনা গেছে। তবে তাতে কেউ আহত হওয়ার কথা জানা যায়নি। সীমান্তে মর্টার বা অন্য কোনো গোলা ব্যবহার করা হয়নি।
ভারতীয় মহলে কেউ কেউ মনে করছেন, জম্মু-কাশ্মীর বিধানসভার আসন্ন নির্বাচনই সীমান্তে পাকিস্তানের এই ‘হঠকারিতা’র কারণ।
জম্মু-কাশ্মীর রাজ্যের নিয়ন্ত্রণরেখা বরাবর খুচখাচ সংঘর্ষ বছরভর লেগেই থাকে। কিন্তু আন্তর্জাতিক সীমান্তে হঠাৎ কেন একটানা এত দিন ধরে পাকিস্তান গোলা দেগে গেল, তার নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাংশের ধারণা, জম্মু-কাশ্মীর বিধানসভার আসন্ন নির্বাচন এর কারণ হতে পারে। আবার সাবেক সেনানীদের কেউ কেউ মনে করেন, পাকিস্তানের রাজনীতি ও সমরনীতি কাশ্মীরকেন্দ্রিক বলে নিয়ন্ত্রণরেখাকে অশান্ত রাখা তাদের রাষ্ট্রীয় ও সামরিক ধর্ম।
সেনা কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বৃহস্পতিবারের বৈঠকের পরে তাঁর কার্যালয়ের দেওয়া বিবৃতির দুটি অংশ ভারতের নজর কেড়েছে। বিবৃতির এক স্থানে ভারতের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে নওয়াজ শরিফের উপস্থিত থাকার উল্লেখ করে ‘শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ঐকান্তিকতার পরিচয়’ রাখার কথা বলা হয়েছে। বিবৃতির অন্যত্র বলা হয়েছে, ‘যুদ্ধ কোনো সমাধান নয়। পরিস্থিতি শান্ত করার দায়িত্ব দুই দেশের নেতৃত্বের।’
পাকিস্তানের ওই বিবৃতি প্রচারের পর থেকে সীমান্ত শান্ত থাকলেও কিটনি এলাকায় নিয়ন্ত্রণরেখায় শনিবারও কেন গুলি চলল? ভারতের সাবেক মেজর জেনারেল অশোক মেহতার মতে, পাকিস্তানি বাহিনীর আঞ্চলিক কমান্ডারদের সাময়িক অত্যুৎসাহিতায় বহু সময় এমন হয়। যদিও পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা এবং রাজ্যের সম্ভাব্য ভোটই এবারের এ নজিরবিহীন সংঘর্ষের প্রধান কারণ বলে তিনি মনে করেন।
ভারতের জনপ্রিয় রাজনৈতিক ধারণাতেও বারবার উঠে আসছে জম্মু-কাশ্মীরের সম্ভাব্য নির্বাচন। প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারও কারও ধারণা, পাকিস্তানের গণতন্ত্রী রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর চিরন্তন দ্বন্দ্বের প্রতিফলনই এই নয় দিনের সংঘর্ষ ঘটেছে। তাদের বক্তব্য, কাশ্মীরে শান্তিতে ভোট হোক, পাকিস্তান তা কোনো দিনই চায় না। এবারও বছর শেষের ভোট রুখতে তারা ব্যগ্র। উপত্যকার বিচ্ছিন্নতাবাদী হুরিয়াত নেতাদের চাপও তাদের ওপর রয়েছে। সেখানে নির্বিঘ্নে ভোট হয়ে গেলে তাকে পাকিস্তান পরাজয় বলেই গণ্য করবে। এ কারণেই এত দিন ধরে আন্তর্জাতিক সীমান্ত অশান্ত রাখা হলো। ভোট বানচাল করতে সীমান্ত সংঘর্ষের আড়ালে পাকিস্তান বারবার জঙ্গিদের ভারতে ঢোকার সুযোগ করে দেয়। এ মহলের ধারণা, আপাতত সীমান্ত শান্ত হলেও আগামী দিনে আবার অন্য কোনো অঞ্চল অশান্ত হতে পারে। বিশেষত ভোটের দিন যত এগোবে।
জম্মু-কাশ্মীরে ভোট চলতি বছরেই হওয়ার কথা। মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটের সঙ্গেই এ রাজ্যের ভোটের তফসিল চূড়ান্ত করার কথা ছিল নির্বাচন কমিশনের। কিন্তু বিধ্বংসী বন্যা রাজ্যকে বিপর্যস্ত করে দেওয়ায় তফসিল ঘোষিত হয়নি। নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখতে উপনির্বাচন কমিশনার বিনোদ জুৎসি ৮-১০ অক্টোবর রাজ্য সফর করেন। রাজ্যের শাসক দল ন্যাশনাল কনফারেন্স (এনসি) ছাড়া বাকি সব দল ডিসেম্বরের মধ্যে ভোট মিটিয়ে ফেলতে নির্বাচন কমিশনের কাছে আরজি জানিয়েছে।