বিধানসভার ১৮ আসনের উপনির্বাচনে এগিয়ে বিজেপি
লোকসভা নির্বাচনে বিজেপির ব্যাপক সাফল্যের পর ফের ভাগ্য পরীক্ষা হচ্ছে ভারতের চারটি রাজ্যের ১৮টি বিধানসভা আসনে। এসব আসনের উপনির্বাচনে প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে।
রাজ্য চারটি হলো বিহার, পাঞ্জাব, কর্ণাটক ও মধ্যপ্রদেশ। আসনগুলোতে বিজেপি, কংগ্রেস, সংযুক্ত জনতা দল ও লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি অংশ নিয়েছে।
২১ আগস্ট এই চারটি রাজ্যের ১৮ আসনের ভোট নেওয়া হয়। আজ সোমবার সকাল থেকে ভোটের ফলাফল গণনা শুরু হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, বিহারের ১০টি আসনের মধ্যে পাঁচটিতে বিজেপি এবং পাঁচটিতে আরজেডি-সংযুক্ত জনতা দল-কংগ্রেস জোট এগিয়ে রয়েছে। পাঞ্জাবের দুটি আসনের মধ্যে একটিতে কংগ্রেস ও অন্যটিতে শিরোমনি আকালি দল, কর্ণাটকের তিনটি আসনের মধ্যে দুটিতে কংগ্রেস ও একটিতে বিজেপি এবং মধ্যপ্রদেশের তিনটি আসনেই বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।