বিধানসভায় আদিত্যনাথের প্রতি চরম বিরোধিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধানসভায় বিরোধিতার চরিত্র কেমন হতে পারে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী আদিত্যনাথ এই প্রথম তার প্রমাণ পেলেন। গতকাল সোমবার তাঁর উপস্থিতিতে ভাষণপাঠে বারবার বাধা দেওয়া হলো রাজ্যপাল রাম নায়েককে। কাগজ পাকিয়ে গোল গোল করে ছোড়া হলো তাঁকে লক্ষ্য করে। টিভিতে গোটা রাজ্য চাক্ষুষ করল সেই দৃশ্য।
মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী আদিত্যনাথের এটাই ছিল প্রথম বিধানসভা। কিন্তু সূচনার দিনটিতেই উত্তর প্রদেশ বিধানসভা ও বিধান পরিষদের যুগ্ম অধিবেশন এককথায় ভন্ডুল হয়ে গেল। বিক্ষোভের মধ্য দিয়ে আদিত্যনাথকে বিরোধীরা এই ইঙ্গিতও দিলেন, আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে অভ্যন্তরীণ বিবাদ ভুলে তাঁরা শাসক বিজেপির বিরুদ্ধে রাজ্যে জোটবদ্ধ হতে চলেছেন।
প্রথা অনুযায়ী যুগ্ম অধিবেশনের সূচনা হয় রাজ্যপালের ভাষণপাঠের মধ্য দিয়ে। সেই ভাষণ তৈরি করে দেয় রাজ্য মন্ত্রিসভা। রাজ্যপাল রাম নায়েক দুই কক্ষের যুগ্ম অধিবেশনে ভাষণ পাঠ করতে উঠলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রশ্ন তুলে বিরোধীরা তাঁকে বাধা দিতে থাকেন।
বিধানসভার অধিবেশন এই প্রথমবার টিভিতে সরাসরি সম্প্রচারিত হয়। তাতে দেখা যায়, রাজ্যপালের ভাষণ শুরু হওয়া মাত্র সমাজবাদী পার্টির বিধায়কেরা লাল টুপি এবং কংগ্রেসি বিধায়কেরা সাদা টুপি পরে দাঁড়িয়ে উঠেছেন। তাঁদের হাতে ধরা কাগজের ব্যানার। তাতে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে লেখা নানা স্লোগান। শুরু থেকেই তাঁরা স্লোগানে স্লোগানে বিধানসভা গমগম করে তোলেন। তাঁদের সমস্বর রবে ঢাকা পড়ে যায় রাজ্যপালের কণ্ঠ। একটা সময় দেখা যায়, বিরোধীরা এক জোট হয়ে রাজ্যপালের দিকে কাগজ-পাকানো বল ছুড়ছেন। নিরাপত্তার দায়িত্বে থাকা মার্শালরা আড়াল করছেন রাজ্যপালকে। সদস্যদের উদ্দেশে রাজ্যপালকে বলতে শোনা যায়, ‘গোটা রাজ্য কিন্তু আপনাদের আচরণ দেখছেন!’ কিন্তু তাতে কোনো কাজ হয় না।
গত দেড় দশকেরও বেশি সময় এ রাজ্যে কোনো বিষয়েই সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও কংগ্রেসকে এক জোট হতে দেখা যায়নি। একার ক্ষমতায় সরকার গঠনের পর এই প্রথম বিজেপির বিরুদ্ধে বাকি তিন দল যৌথ আন্দোলনের পথে এগোনোর মহড়াই দিল যেন।