বিধানসভায় ইভিএমে কারচুপি করার 'প্রমাণ' দেখাল এএপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

ঘটনার ঘনঘটায় সরগরম ভারতের রাজধানী দিল্লি। বিধানসভায় দিল্লির শাসক দল আম আদমি পার্টি (এএপি) বিজেপির বিরুদ্ধে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি করে জেতার অভিযোগ প্রমাণের চেষ্টা করল।
দিল্লি বিধানসভার এক দিনের বিশেষ অধিবেশন ডাকা হয় গতকাল মঙ্গলবার। উপলক্ষ, ইভিএমে কীভাবে কারচুপি করা হয় তার ‘প্রমাণ দেওয়া’। তবে সেই কথিত প্রমাণ দাখিলের আগেই বিজেপির বিধায়ক বিজেন্দ্র গুপ্ত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আরেক মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে জমি কেনাবেচার দুর্নীতি নিয়ে সরব হন। এ নিয়ে সভা উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত মার্শাল ডেকে বিজেন্দ্র গুপ্তকে সভা থেকে বের করে দেওয়া হয়।
এরপরই শুরু হয় ইভিএমে কারচুপির ‘প্রমাণ’ দাখিল পর্ব। আম আদমি পার্টির বিধায়ক সৌরভ ভরদ্বাজ এক নকল ইভিএম নিয়ে বোঝান কীভাবে তাতে কারচুপি করা যায়। তিনি বলেন, ‘সাবেক কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে বলতে পারি, মাদার বোর্ডে “কোডের” সামান্য অদলবদল করে মাত্র দেড় মিনিটের মধ্যে পছন্দসই প্রার্থীর অনুকূলে সব ভোট নিশ্চিত করা যায়।’ সৌরভ ভরদ্বাজ বলেন, গুজরাটের ভোটে যে ইভিএমগুলো ব্যবহার করা হবে সেগুলো তিন ঘণ্টার জন্য তাঁকে দেওয়া হলে বিজেপির পরাজয় নিশ্চিত করে দেবেন।
তবে নির্বাচন কমিশনের সাবেক উপদেষ্টা ও পর্যবেক্ষক কে জে রাও এই অভিযোগ সম্পর্কে বলেছেন, ইভিএমে এ ধরনের কারচুপি অসম্ভব। নির্বাচন কমিশনের উচিত সংশ্লিষ্ট বিধায়কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।
একই দিন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের ‘প্রমাণ’ নিয়ে সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করেন এএপির বহিষ্কৃত বিধায়ক কপিল মিশ্র। অভিযোগের জবাবে প্রথমবারের জন্য মুখ খুলে কেজরিওয়াল শুধু বললেন, সত্যের জয় হবে।
কেজরিওয়ালের বিরুদ্ধে ২ কোটি রুপি ঘুষ নেওয়ার অভিযোগ এনে দল থেকে বহিষ্কৃত হয়েছেন কপিল মিশ্র। গতকাল তিনি সিবিআই দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। মিশ্র দাবি করেন, যেসব প্রমাণ তাঁর কাছে রয়েছে, সব জমা দিয়েছেন।