বিধানসভায় ঢুকতে পারলেন না ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুন্দুমার কাণ্ড ভারতের সিপিএম শাসিত ত্রিপুরা রাজ্যের বিধানসভায়। ৬০ সদস্যের রাজ্য বিধানসভায় ৫১ জন দলীয় বিধায়ক থাকা সত্ত্বেও অধিবেশনে ঢুকতেই পারলেন না মুখ্যমন্ত্রী মানিক সরকার। তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনের জেরে বিধানসভা ও রাজ্য সচিবালয়ের বাইরে থেকেই তাঁকে ফিরে যেতে হয়।

গত ১০ এপ্রিল আগরতলা পলিটেকনিকের ছাত্রী, ১৬ বছরের আনোয়ারা চৌধুরী স্থানীয় মেডিকেল কলেজ ও হাসপাতালে রহস্যজনকভাবে মারা যান। তারপর থেকেই আনোয়ারার মৃত্যুরহস্য উদ্ধারে তদন্তের দাবিতে আন্দোলন শুরু হয় ত্রিপুরায়। আজ বৃহস্পতিবার সকালে হঠাৎই তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের নেতৃত্বে বিধানসভা ও সচিবালয়ের প্রবেশপথ আগলে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে তাঁর পথ অবরোধের চেষ্টা করেন। সফলও হন তাঁরা। মুখ্যমন্ত্রী গাড়ি ঘুরিয়ে ফিরে যান। দিনভর বিধানসভামুখী হননি।
তিন দিনের ত্রিপুরা বিধানসভা অধিবেশনের বৃহস্পতিবারই ছিল শেষ দিন, মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানোর বিষয়টি বিধানসভায় জানাজানি হতেই শাসক দলের মুখ্য সচেতক বাসুদেব মজুমদার নিন্দা প্রস্তাব আনেন। ডেপুটি স্পিকার পবিত্র করের পৌরোহিত্যে প্রস্তাবটি ধ্বনি ভোটে গৃহীত হয়। 
এ ঘটনায় বিরোধী বেঞ্চের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁদের দাবি, বিধানসভার বাইরের ঘটনা নিয়ে সভায় নিন্দা প্রস্তাব নেওয়া যায় না। স্পিকারের কাছে এসে তাঁরা প্রতিবাদ জানান। শাসকদলের সঙ্গে বাগ্‌বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন কংগ্রেস ও তৃণমূলের সদস্যরা।
দফায় দফায় সভা মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার। কিন্তু নিন্দা প্রস্তাব প্রত্যাহারের দাবি তিনি উড়িয়ে দেন। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহার অভিযোগ, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশই নেই। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা বাদল চৌধুরীর পাল্টা অভিযোগ, পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও আধা ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করার স্বপ্ন দেখছে তৃণমূল।