বিধানসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় খেলোয়াড়-অভিনেতা
পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার পরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে তাঁর বাসভবনে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিধানসভার ২৯৪ আসনে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেন। প্রার্থীদের সেই তালিকায় সাবেক ফুটবলার, ক্রিকেটার, অভিনেতা, গায়ক, সাবেক বাম এবং কংগ্রেস নেতারাও আছেন।
তৃণমূলের প্রার্থীদের মধ্যে নারী ৪৫ জন এবং সংখ্যালঘু প্রার্থী আছেন ৫৭ জন। এবার নতুন মুখ ৯৪ জন। এবারের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা নিজে লড়বেন দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকে।
উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন, সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া আবদুল রেজ্জাক মোল্লা। তিনি লড়বেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় আসন থেকে। তিনি বাম দলের মন্ত্রী ছিলেন। এ ছাড়া মনোনয়ন পেয়েছেন সারদা কেলেঙ্কারিতে কারাবন্দী তৃণমূল নেতা মদন মিত্র। তিনি প্রার্থী হচ্ছেন কামারহাটি কেন্দ্র থেকে।
শিলিগুড়িতে সাবেক ফুটবলার বাইচুং ভুটিয়া, বালিতে প্রয়াত জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া, পান্ডুয়া কেন্দ্রে সাবেক ফুটবলার রহিম নবী, হাওড়া উত্তরে প্রার্থী হচ্ছেন ক্রিকেটার লক্ষ্মী রতন শুক্লা, বাঁকুড়ার বড় জোড়ায় অভিনেতা সোহম চক্রবর্তী, হুগলির চন্দননগরে গায়ক ইন্দ্রনীল সেন, এবং পূর্ব মেদিনীপুরের তমলুকে সাবেক কংগ্রেস নেতা নির্বেদ রায় প্রমুখ।