বিনা ভোটেই ৩ আসনে জিতল বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা ভোটে জয়ী ভারতের অরুণাচল প্রদেশের বিজেপি প্রার্থী ফুরপা শেরিং। ছবি: সংগৃহীত
বিনা ভোটে জয়ী ভারতের অরুণাচল প্রদেশের বিজেপি প্রার্থী ফুরপা শেরিং। ছবি: সংগৃহীত

ভারতের অরুণাচল প্রদেশে আরও একটি আসনে বিনা ভোটে জিতে গেল বিজেপি। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন দুই প্রার্থী নাম প্রত্যাহার করায় তিন আসনে জয় নিশ্চিত হলো বিজেপির। এর আগে অন্য দুই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিরোধীরা কোনো প্রার্থীই দিতে পারেনি।


অরুণাচল প্রদেশে লোকসভার সঙ্গেই হচ্ছে ৬০ সদস্যের রাজ্য বিধানসভার ভোট। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। রাজ্যের দিরাং কেন্দ্রের দুই প্রার্থী এদিন তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে বিজেপির ফুরপা শেরিংকে এদিন বিজয়ী বলে ঘোষণা করা হয়। এর আগে রাজ্যের আলো (পূর্ব) কেন্দ্রে কেন্টো চিনি ও ইয়েচুলি কেন্দ্রে টাবা টোডিই শুধু মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাই তাঁদের দুজনকেই এদিন বিজয়ী বলে ঘোষণা করা হয়। ফলে ৬০ সদস্যের অরুণাচল প্রদেশ বিধানসভায় ৩টি আসনে মনোনয়ন প্রক্রিয়াতেই বিজয়ী হলো বিজেপি।

প্রসঙ্গত, উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটিতে বিনা ভোটে জয়ের পরম্পরা বহুদিনের। ২০১৪ সালে ১ জন এবং ২০০৯ সালে ৩ জন বিধানসভা নির্বাচনে বিনা ভোটে জয়ী হন। দুবারই বিজয়ীরা ছিলেন কংগ্রেসের। অবশ্য বিনা ভোটে জেতার মতোই দলবদলও এখানকার ঐতিহ্য। ২০১১ সালের ভারতীয় আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ১৩ লাখ ৮৩ হাজার ৭২৭। আর এবার ভোটারের সংখ্যা ৭ লাখ ৮৪ হাজার ৮৭০। বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় থাকলেও গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসই ক্ষমতায় এসেছিল। কিন্তু দলবদলের মাধ্যমে বিজেপি ক্ষমতায় আসে।

অরুণাচল প্রদেশে বিধানসভার পাশাপাশি রয়েছে লোকসভার দুটি আসনের ভোট। অরুণাচল পূর্ব আসনে বিজেপির হয়ে ভোটে লড়ছেন ভারতের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজেজু। এ আসনে তাঁর বিরুদ্ধে কংগ্রেস দাঁড় করিয়েছে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী নাবুম টুকিকে।