বিনা মূল্যে চিকিৎসা দেবে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজ হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে আগামী মাস থেকে সব রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। এই চিকিৎসাসংক্রান্ত যাবতীয় শারীরিক পরীক্ষা নিরীক্ষাও হবে বিনা মূল্যে। এমনকি ওষুধও দেওয়া হবে বিনা মূল্যে।

গতকাল সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ ঘোষণা দেন। মমতার ঘোষণার পর এ কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব মলয় কুমার দে।
বিনা মূল্যে চিকিৎসার তালিকায় থাকছে ক্যানসার, হৃদরোগ, থ্যালাসেমিয়া, ডায়াবেটিসের মতো রোগ। এসব রোগীকে বিনা মূল্যে ওষুধ দেওয়া হবে। এ ছাড়া কেমোথেরাপি, রেডিও থেরাপি, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, ক্যাথ ল্যাব, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, সুগার, রক্তচাপ ইত্যাদি পরীক্ষাও করা হবে বিনা মূল্যে। এমনকি দিতে হবে না রোগীকে বেড খরচও।

এর আগে অবশ্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি সরকারি হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধের দোকান, ডায়াগনস্টিক সেন্টার, ডায়ালাইসিস ইউনিটসহ একাধিক পরিষেবা চালু করেছে।