বিনিয়োগ করতে জার্মানির প্রতি আহ্বান মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দেশে বিনিয়োগ করার জন্য জার্মান প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ভারত সফরের শেষ দিনে মোদি গতকাল মঙ্গলবার আরও বলেন, তাঁর সরকার দেশকে ব্যবসার জন্য একটি আদর্শ স্থানে পরিণত করতে জোর চেষ্টা করেছে। মোদি চ্যান্সেলর মেরকেলকে নিয়ে গতকাল বেঙ্গালুরুতে একটি জার্মান প্রকৌশল কারখানা পরিদর্শন করেন। খবর বিবিসির।
ভারতে সৌরশক্তির বিভিন্ন প্রকল্পে অন্তত ১১২ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জার্মানি। লাখো মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে দেশেই বিভিন্ন পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য মোদি ‘মেক ইন ইন্ডিয়া’ অভিযান শুরু করেছেন। তিনি চ্যান্সেলর মেরকেলকে নিয়ে বেঙ্গালুরুতে একটি জার্মান কারখানা পরিদর্শনের সময় জার্মান প্রতিষ্ঠানগুলোকে উদ্দেশ করে বলেন, ভারতে বিনিয়োগ বাড়ান। এতে দেশটির লাখো তরুণ কাজের সুযোগ পাবে। তাঁর সরকার দেশকে একটি উৎপাদনকেন্দ্রে রূপান্তরিত করতে চায়। বিদেশি প্রতিষ্ঠানগুলো এ দেশে ব্যবসা স্থাপনের জন্য দ্রুত ছাড়পত্র পাবে।
ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে মোদি আরও বলেন, তরুণদের উৎপাদনশীল কাজে লাগানোই আজ ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি।
মোদি ক্ষমতায় আসার পর মেরকেলের এটিই প্রথম ভারত সফর। তিনি গত সোমবার নয়াদিল্লিতে মোদির সঙ্গে বৈঠক করেন। তাঁরা সন্ত্রাসবাদ, প্রতিরক্ষা, অস্ত্র সহায়তা এবং ভারত ও ইইউ মধ্যে স্থগিত অবাধ বাণিজ্য চুক্তি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।